জেএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়ের অভিযোগ
রংপুরের কাউনিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। দিনাজপুর শিক্ষা বোর্ড ওই ফি ২৫০ টাকা নির্ধারণ করে দিলেও প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে ৫০০ টাকা।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষার ফরম পূরণ ১ আগস্ট থেকে শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য ২৫০ টাকা ফি নির্ধারণ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বরাবর বোর্ড কর্তৃপক্ষ চিঠি দেয়। কিন্তু গত ২৭ জুলাই বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কাউনিয়া উপজেলা শাখার সভায় জেএসসির ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয় শিক্ষার্থীপ্রতি ৫০০ টাকা। এ কারণে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে ফি আদায় করছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানেরা।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও হলদিবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, সমিতির পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষকদের মতামতের ভিত্তিতে গত বছরের মতো এবারও জেএসসির ফরম পূরণে ৫০০ টাকা ও নবম শ্রেণির নিবন্ধন ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ৩৯টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৩ জন। পরিসংখ্যান অনুযায়ী জেএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে উপজেলায় এবার অতিরিক্ত ১০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা আদায় করা হবে।
অভিযোগ উঠেছে, উপজেলার টেপামধুপুর বালিকা উচ্চবিদ্যালয়, হারাগাছ উচ্চবিদ্যালয়, ভায়ারহাট উচ্চবিদ্যালয়, ইমামগঞ্জ উচ্চবিদ্যালয়, দরদী উচ্চবিদ্যালয়, সারাই মুন্সিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, পোদ্দারপাড়া উচ্চবিদ্যালয়, কুর্শা উচ্চবিদ্যালয়, বাংলাবাজার উচ্চবিদ্যালয়সহ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম পূরণে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হারাগাছ উচ্চবিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী বলেছে, ‘আমরা গরিব। কিন্তু জেএসসির ফরম পূরণ করতে বাধ্যতামূলক ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।’ ওই স্কুলের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান বলেন, ‘বোর্ডের নির্ধারিত ফরম পূরণ ফি ২৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৫০০ টাকা। অতিরিক্ত টাকা দিয়ে স্কুল উন্নয়নসহ শিক্ষা বোর্ডে যাওয়া-আসা ও অনলাইন খরচে ব্যয় করা হবে।’
ভায়ারহাট উচ্চবিদ্যালয়ে জেএসসির ফরম পূরণে ১০১ জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে আপনাকে জানাব কেন?’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন বলেন, জেএসসির ফরম পূরণের ফি ২৫০ টাকা। এর বেশি কোনো প্রতিষ্ঠান নেওয়ার লিখিত অভিযোগ পেলে তারা ছাড় পাবে না।