জেডিসি পরীক্ষাকেন্দ্রের সামনে যুবলীগের অনুষ্ঠান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাকেন্দ্রের সামনে গতকাল শনিবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে পরীক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে বলেন জানান পরীক্ষাকেন্দ্রের সচিব মো. আলী হোসেন। তিনি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানান।

উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, পরীক্ষার বিষয়টি তাঁরা জানতেন না। জানার পর মাইক বন্ধ রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা করে অনুষ্ঠান শেষ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল উপজেলা সদরের হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩৭৮ জন শিক্ষার্থী। ওই পরীক্ষাকেন্দ্রের সামনে (২০০ গজের মধ্যে) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মাইক বাজিয়ে নেতা-কর্মীদের সভাস্থলে আসতে আহ্বান জানানো হয়। ১১টার দিকে শুরু হয় আলোচনা সভা। সাড়ে ১১টার দিকে পুলিশ এসে সভা বন্ধ করে দেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, পরীক্ষাকেন্দ্রের সামনে অনুষ্ঠানের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজগর আলীকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে অনুষ্ঠান বন্ধ করান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, সাড়ে ১১টার দিকে পুলিশ পাঠিয়ে অনুরোধ করলে যুবলীগ নেতারা সভা বন্ধ করে দেন।

এদিকে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, ইয়াছির আরাফাত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক, পাটারীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি এমরান হোসেন, হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাসান মাহমুদ, চরফলকন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. কবির।