জেডিসি পরীক্ষায় ৭ শিক্ষকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ভেড়ামারায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই কেন্দ্রের সচিবসহ সাত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার সকালে ভেড়ামারা আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এ অভিযান চালান।

সোহেল মারুফ প্রথম আলোকে জানান, ভেড়ামারা আলিম মাদ্রাসা কেন্দ্রে আজ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে তিনটি কক্ষে পরীক্ষা চলছিল। এর মধ্যে একটি কক্ষে দেখা যায় পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত প্রশ্ন পূরণে এক শিক্ষক সহায়তা করছেন। তাঁর নাম সাইফুল ইসলাম। তিনি বার মাইল মাদ্রাসার শিক্ষক। তবে তিনি ওই কেন্দ্রে বা কক্ষে দায়িত্বরত কোনো শিক্ষক ছিলেন না। নিজের দোষ স্বীকার করায় তাঁকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া কেন্দ্রের দায়িত্বরত সচিবকে তিন মাস যেকোনো ধরনের পরীক্ষার দায়িত্ব হতে বহিষ্কার করা হয়েছে। ওই কেন্দ্রে অনুষ্ঠিত বাকি পরীক্ষা থেকে আরও ছয় শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

ইউএনও আরও জানান, বাকি পরীক্ষাগুলোতে অন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে। ছোট ছোট পরীক্ষার্থীদের বড়দের এমন সহযোগিতা লজ্জাজনক।