জেদের বশে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন নাজমুল হাসান। তিনি গতকাল বুধবার বিকেলে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইন বিল্লাহর কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নাজমুলকে গত মঙ্গলবার দুপুরে রাঙামাটির লংগদু থানার মাইনামো লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করা হয়। তিনি স্ত্রী-সন্তানকে হত্যার পর সেখানে পালিয়ে যান।
গত রোববার সন্ধ্যায় কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাজমুলের স্ত্রী ও তাঁর শিশুপুত্রের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় একমাত্র আসামি হচ্ছেন নাজমুল। তিনি স্থানীয় মিমপেক্স এগ্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের দারোয়ান।
পুলিশ জানায়, নাজমুল ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, গত বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তাঁর স্ত্রী নাসিমা আক্তার তাঁকে একটি চড় মারেন। এতে তিনি ভীষণ মনঃকষ্ট পান। জেদ চাপে এর প্রতিশোধ নেওয়ার। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে কর্মস্থল মিমপেক্স এগ্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেডের কার্যালয়ে নিয়ে যান স্ত্রী ও সন্তানকে। গভীর রাতে ঘুমের মধ্যে স্ত্রীকে ওড়না দিয়ে নাক-মুখ চেপে ধরেন। দুজনের ধস্তাধস্তিতে এক বছরের ছেলে নাফিসের ঘুম ভেঙে যায়। কান্না শুরু করে দেয় সে। তখন এক হাতে স্ত্রীর নাক-মুখ এবং অন্য হাতে ছেলের নাক-মুখ চেপে ধরেন। এতে কিছুক্ষণের মধ্যে দুজনই মারা যায়। পরে তাদের টেনেহিঁচড়ে কার্যালয়ের পেছনে সেপটিক ট্যাংকে নিয়ে ফেলে দেন।