জেনারেটর দেখিয়ে বিদ্যুৎ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের সময় ‘জেনারেটরের বিদ্যুৎ’ সরবরাহের নামে লালবাগের উর্দু রোডের প্রায় ২০০ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা থেকে টাকা আদায় করা হচ্ছিল। গতকাল বুধবার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) একটি দল ওই জেনারেটরের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে গিয়ে দেখতে পায় তাঁদের জেনারেটরগুলো অচল। লোক দেখাতে জেনারেটরগুলো সাজিয়ে রাখা হয়েছিল। এর আড়ালে তাঁরা অবৈধ লাইন থেকে বিদ্যুৎ চুরি করে গ্রাহকদের সরবরাহ করে টাকা নিচ্ছিলেন।
ডিপিডিসির বিশেষ টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, উর্দু রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে দুটি জেনারেটর বসিয়ে ব্যবসা খুলেছিল স্থানীয় একটি চক্র। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, তাঁদের জেনারেটরগুলো অকার্যকর। পরে ভবনের দেয়াল ভেঙে জেনারেটর দুটি জব্দ করা হয়। তাঁরা মূলত লালবাগের আওতায় চকবাজার, পুরাতন রহমতগঞ্জ ও কমলদাহ এই তিনটি ‘ফিডার’ থেকে সরাসরি বেআইনিভাবে বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের সরবরাহ করছিলেন। অভিযানের সময় আনুমানিক ১০০ মিটার তার জব্দ ও ১০০টি বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।