জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে গতকাল বুধবার একটি নবজাতক চুরি হয়েছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। নবজাতকটি পারভীন বেগম (২০) নামের এক নারীর। তাঁর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুশরী গ্রামে।
হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সন্তানসম্ভবা পারভীন হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছেলেসন্তান হয়। সেদিন থেকে একটি অপরিচিত মেয়ে (২০) তাঁর সেবাযত্ন শুরু করেন। পরে ওই মেয়েটি নবজাতককে চুরি করেন।
পারভীন বেগমের মা আলেয়া বেগম বলেন, তিনি গতকাল সকাল সাতটার দিকে ওষুধ কিনতে হাসপাতালের বাইরে যান। এ সময় একজন আয়া প্রসূতির কাপড় ঠিক করে দেওয়ার কথা বলে শিশুটিকে শয্যার পাশে আগে থেকে অবস্থানকারী মেয়েটির কাছে দেন। পরে শিশুসহ ওই মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি।
পাশের ৮ নম্বর বিছানায় চিকিৎসাধীন রোগী সূর্যবানু বলেন, ‘যে মেয়েটির কথা বলা হচ্ছে সে মঙ্গলবার থেকে পারভীনের কাছে থেকে তাঁদের কাজকর্মে সাহায্য করছিল। মনে হয়েছিল সে পারভীনের আত্মীয়। শিশুটি চুরি হয়ে যাওয়ার পর জানতে পারলাম মেয়েটি তাঁদের স্বজন নয়।’
পারভীন বেগমের স্বামী নজরুল ইসলাম (২৫) বলেন, তাঁদের দেড় বছর আগে বিয়ে হয়। এটিই তাঁদের প্রথম সন্তান।
হাসপাতাল সূত্র জানায়, শিশু চুরির ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া কান, নাক ও গলা (ইএনটি) বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট ঊষা রঞ্জন চক্রবর্তীকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট সৈয়দ ওবায়দুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) গণেশ আগরওয়ালা ও সেবা উপতত্ত্বাবধায়ক (মেট্রন) ফরিদা বেগম।
আরএমও গণেশ আগরওয়ালা বলেন, ‘এ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা এর আগে ঘটেনি। এ জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। গতকাল থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আশা করছি, আগামী সোমবারের মধ্যে প্রতিবেদন দিতে পারব।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।