জেনেভা ক্যাম্পে অভিযান, ৯ 'মাদক ব্যবসায়ী' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে নয়জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকালে অধিদপ্তরের ঢাকা মেট্রো এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় এক হাজার ইয়াবা বড়ি এবং মাদক বহনকারীদের দুটি মোটরসাইকেল আটক করা হয়। জেনেভা ক্যাম্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এটাই প্রথম অভিযান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তৌফিকউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এই ক্যাম্পে অধিদপ্তরের এটাই প্রথম অভিযান। এখানে মাদকের বেচাকেনা হয়—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুলসংখ্যক ইয়াবা পাওয়া না গেলেও ঢাকায় এ ব্যবসার সঙ্গে যুক্ত এমন নয়জনকে আটক করা হয়েছে। এঁদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।

তৌফিকউদ্দিন বলেন, এখানে অভিযান চালানো কঠিন। এবার আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। ঢাকায় মাদক নিয়ন্ত্রণের জন্য এই জায়গায় নজর বাড়াতে হবে বলে তাঁর মত।

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের যেসব ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এর মধ্যে অন্যতম।