জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারের হত্যা মামলার সাক্ষী নিহত ছাত্রের মা গোপা মজুমদারের জেরা অব্যাহত আছে।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ মঙ্গলবারও জেরার দিন ধার্য রাখেন। গত বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছিলেন হিমাদ্রীর মা।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, হিমাদ্রীর মা গোপা মজুমদারকে আসামি শাহ সেলিম ওরফে টিপুর আইনজীবী কফিল উদ্দিনের জেরা শেষ হয়েছে। বাকি আসামিদের আইনজীবীরা জেরা শুরু করবেন।

পিপি আরও বলেন, জেরাকালে হিমাদ্রীর মৃত্যুর এক বছর আগে যে জিডি করা হয়েছিল মাদকবিরোধী সংগঠন শিকড়ের পক্ষ থেকে সেই জিডিতে হিমাদ্রীর নাম ছিল না। এ ছাড়া হিমাদ্রী শিকড়ের কেউ নন। শিকড়ের কয়েকজন সদস্যের সঙ্গে টিপুর শত্রুতা থাকায় হিমাদ্রী হত্যার ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে দাবি করেন আসামির আইনজীবী। উত্তরে হিমাদ্রীর মা বলেন, ‘হিমাদ্রীর পড়ালেখার ক্ষতি হবে ভেবে জিডিতে তার নাম রাখা হয়নি। সে শিকড়ের একজন সক্রিয় সদস্য ছিল। মাদকের বিরোধিতা করায় আসামিরা হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে হত্যা করে।’

২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ওরফে ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে ড্যানি, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।