জেলফেরত চোরের এএসপির বাসায় চুরির চেষ্টা
মাত্র ১৫ দিন আগে চুরির দায়ে তিন মাস ১৫ দিন জেল খেটে বের হয়েছিলেন বাবলু হোসেন। আজ শনিবার লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহিমের বাসভবনে চুরি করতে গিয়ে আবারও হাতেনাতে আটক হয়েছেন তিনি।
বাবুল হোসেনের বাড়ি শহরের রসূলপুর ডাইলপট্টি গ্রামে। তিনি একটি চুরির মামলায় তিন মাস জেল খেটে মাত্র ১৫ দিন আগে জামিনে মুক্তি পান।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিমের স্ত্রী শামছুন্নাহার বীনা বলেন, ঘটনার সময় আব্দুর রহিম বাসায় ছিলেন না। বিকেলে তাঁর বাসার সামনের দরজা খোলা পেয়ে বাবলু হোসেন চুরির উদ্দেশ্যে বাসায় ঢোকে। তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি রান্নাঘরে ছিলেন। তিনি হঠাৎ একটা শব্দ শুনে ডাইনিং রুমে এসে পাশের টয়লেটের দরজায় অপরিচিত এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। ওই সময় তিনি ‘কে, কে’ বলে চিৎকার করলে ওই যুবক তাঁকে মারতে আসেন। একপর্যায়ে ওই যুবক হাতে থাকা লোহার পাইপের টুকরা নিয়ে তাঁকে মারতে উদ্যত হয়। এ সময় তিনি আরও জোরে ‘চোর, চোর’ বলে চিৎকার করলে গার্ড মারুফুজ্জামান দৌড়ে এসে বাবলু হোসেনকে ধরে ফেলেন।
মারুফুজ্জামান বলেন, তিনি আটক যুবকের দেহ তল্লাশি করে বেসিনের পানির কল, বাথরুমের গোসলের ঝরনা এবং ছোট কয়েকটি স্টিলের টুকরা উদ্ধার করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্য বলে জানান। তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।