জেলফেরত সন্ত্রাসীরাই মান্নানের খুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলফেরত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজেরাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যশোর শহর কমিটির সভাপতি আবদুল মান্নানকে (৫০) হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ। নিহত মান্নানের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের সন্দেহ তেমনই।
পুলিশ শনিবার রাতে মান্নান খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। তাঁরা হলেন শহরের নিউ বেজপাড়ার শরিফুল ইসলাম (৪৩) ও সদর উপজেলার বলাডাঙ্গা শ্রীকণ্ঠনগর গ্রামের সাইফুল ইসলাম (৩৬)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই মান্নানকে খুন করা হয়েছে। হত্যায় কতজন অংশ নিয়েছিল, তা অনেকটা শনাক্ত হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না।
গতকাল রোববার সকাল ১০টায় যশোর জেনারেল হাসপাতালে মান্নানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুরে স্থানীয় বাসিন্দারা হাসপাতাল চত্বর থেকে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে খুনিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, খুনিদের মধ্যে দুজন সরাসরি হত্যা মিশনে অংশ নিয়েছিল। এর মধ্যে একজন মান্নানের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে, অপরজন ছুরি দিয়ে গলার শ্বাসনালি কেটে দেয়। আর কয়েকজন কয়েকটি স্থানে পাহারায় ছিল। তারা খুনি দুজনকে এলাকা থেকে বেরিয়ে যেতে সহায়তা করেছে।
নিহত মান্নানের স্ত্রী শাহিদা খাতুন গতকাল বলেন, ‘স্থানীয় শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি হওয়ার পর থেকেই সন্ত্রাসীদের নিশানায় পড়েন তিনি। ছিনতাইকারী শাওনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পরে পুলিশ শাওনের পায়ে গুলি করে। শাওন দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু বলেন, ‘মান্নান কয়েক দিন আগে আমার কাছে এসে জেলফেরত কয়েকজন সন্ত্রাসীর কথা বলতে চেয়েছিল।’
গতকাল সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। শনিবার বিকেলে শহরের বেজপাড়ায় সন্ত্রাসীরা হত্যা করে মান্নানকে। খুনের ঘটনার পর রাত সাড়ে ১১টায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলামকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।