চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে সংগঠনের নেতাকে হত্যা করে আলোচিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা এর আগে নিজেদের আহ্বায়ককেও খুন করেছেন। সেটা গত বছরের ৪ জানুয়ারির ঘটনা।
ওই দিন চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় অবস্থিত দক্ষিণ জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তৎকালীন আহ্বায়ক আবদুল মালেকের ওপর হামলা চালায় নিজ দলের প্রতিপক্ষ। চার দিন পর তিনি মারা যান।
নিহত মালেকের ভাই আবদুল মাজেদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের একাংশ ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িত ছিল। তাদের বিরোধিতা করায় মালেককে খুন হতে হয়েছে।
ভাইকে হত্যার ঘটনায় নয়জনকে আসামি করে মাজেদ বাদী হয়ে থানায় মামলা করেন। মাস তিনেক আগে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তাতে এজাহারভুক্ত দুই আসামি ছাত্রলীগের আগের কমিটির যুগ্ম আহ্বায়ক আ ন ম ফরহাদুল আলম ও কর্মী মোহাম্মদ নোমানের নাম বাদ দেওয়া হয়। এর বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করলে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
মাজেদ অভিযোগ করেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক ও সংগঠনের কর্মী আবু শাহাদাৎ মো. সায়েমের নেতৃত্বে মালেককে খুন করা হয়।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তাও জানান, দক্ষিণ জেলা ছাত্রলীগের অনেকে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন হওয়ায় অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।
চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও পটিয়া উপজেলা নিয়ে ছাত্রলীগের সাংগঠনিক দক্ষিণ জেলা গঠিত। এর মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে জামায়াত-শিবিরের দাপট বেশি। সেখানে কোনো সাংগঠনিক কর্মসূচি পালন করতে পারে না ছাত্রলীগ। বাকি চার উপজেলায়ও ছাত্রলীগের খুব একটা সাংগঠনিক তৎপরতা নেই। তাদের কেন্দ্রীয় কর্মসূচিগুলো মূলত চট্টগ্রাম শহরে পালন করে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তারও প্রথম আলোকে বলেন, দক্ষিণ ছাত্রলীগ তাদের সাংগঠনিক এলাকায় কোনো কর্মসূচি পালন করে না বা করতে পারে না। তারা সব সময় নিজেরাই দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত থাকে।
বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাংগঠনিকভাবে পিছিয়ে থাকলেও ডাকাতি, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ অবৈধ পথে উপার্জনে বেপরোয় এখানকার ছাত্রলীগের একাংশ। আর এসবকে কেন্দ্র করেই মূলত অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত লেগে আছে। যার জের ধরে গত রোববার রাতে টঙ্গীর নিমতলা এলাকায় চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বার আউলিয়া কলেজের ছাত্রলীগের নেতা তৌকির ইসলামকে।
ওই দিন ঢাকায় ছাত্রসমাবেশ শেষে চট্টগ্রাম মেইল ট্রেনের তিনটি বগি ভাড়া করে প্রায় পৌনে ২০০ নেতা-কর্মী চট্টগ্রামে ফিরছিলেন। ট্রেনের মধ্যে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী তৌকিরকে ট্রেন থেকে বাইরে নিক্ষেপ করেন। ওই ঘটনায় আরও তিনজন কর্মী আহত হন। তাঁদের মধ্যে একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। বিলুপ্ত এই কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ ঘটনার জের ধরে তৌকির মারা গেছে। দক্ষিণ জেলা ছাত্রলীগের এক উপজেলার নেতারা, আরেক উপজেলার নেতাদের চিনতেন না।’
এখানকার ছাত্রলীগের বেপরোয়া আচরণে ক্ষুব্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন ও থানায় ছাত্রলীগের কোনো সম্মেলন হয় না। তৃণমূল থেকে আমরা নেতা তুলে আনতে পারছি না। চাপিয়ে দেওয়া কমিটিতে দুর্বৃত্তরা ঢুকে পড়ছে। এরা নিজ কার্যালয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ককে হত্যা করেছে। এদের কারণে খুন হয় বার আউলিয়া কলেজের ছাত্রলীগের নেতা। আমরা তো এই ছাত্রলীগ চাইনি।’
কারা কমিটি চাপিয়ে দিচ্ছে—জানতে চাইলে মফিজুর রহমান বলেন, ‘আমাদের দক্ষিণ জেলা আওয়ামী লীগের একেকজন নেতা নিজের বলয় থেকে পছন্দের ব্যক্তির নাম সুপারিশ করেন। ওরা ছাত্রলীগ করেছে কি না, সেটা দেখেন না। এরা সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ করছে।’