সবুজ হত্যার আয়োজন

যেখান থেকে সবুজের শুরু, আয়োজনটা সেখান থেকেই। প্রতিটি গাছের গা যেন ক্ষতবিক্ষত। তাতে লাল কালি দিয়ে এঁকে দেওয়া হচ্ছে ক্রস চিহ্ন, কোনোটাতে আবার নম্বর। সারিবদ্ধ গাছগুলোর আশপাশও পরিষ্কার-পরিচ্ছন্ন। প্রথম দেখায় যে কারও মনে খটকা লাগবে, এ আয়োজন বুঝি গাছের পরিচর্যায়!
গত শনিবার এ কাজে ব্যস্ত বন বিভাগের বন সম্প্রসারণ ও নার্সারি শাখার কয়েকজন কর্মীর কাছে জানতে চাইলে তাঁরা বলেন, পরিচর্যা নয়, চলছে গাছ কাটার প্রস্তুতি।
ঘটা করে গাছ কাটার এ আয়োজন দক্ষিণ সুরমার পারাইরচকে। সিলেট নগরের উপকণ্ঠের ওই এলাকায় দাঁড়ালেই যে সবুজের আচ্ছাদন অনেকের গা জোড়াত, সেটি নিমেষে হবে উধাও। বন বিভাগের সামাজিক বনায়নে সৃষ্ট ১ হাজার ২০০ গাছের মধ্যে ৮০০ গাছ পরিপক্ব হওয়ায় উপকারভোগীদের সঙ্গে বন বিভাগের চুক্তি অনুযায়ী গাছগুলো কেটে বিক্রি করা হবে।
পারাইরচকের একদিকে ঢাকা-সিলেট রেললাইন। অন্যদিকে সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান। সেখানে রয়েছে নানা জাতের পাখির আনাগোনা। পারাইরচকের পাশের লালমাটিয়া এলাকার একাধিক বাসিন্দা জানান, রাস্তার পাশে গাছ না থাকলে বর্জ্য ফেলার স্থানটিতে বিচরণকারী পাখিগুলো বসতবাড়ির গাছগাছালিতে অবস্থান নেবে। তখন বর্জ্যের উৎকট গন্ধ আর ঝামেলায় পড়তে হবে আবাসিক এলাকার বাসিন্দাদের।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার খালেরমুখ মাজার পর্যন্ত দুই পাশে ১ হাজার ২০০ গাছ আছে। এর মধ্যে ৮০০টি গাছ পরিপক্ব বলে চিহ্নিত করে রাখা হয়েছে। গাছগুলোর মধ্যে আকাশি, রেইনট্রি, কড়ই, অর্জুন, মেহগনি, শিশুসহ বিভিন্ন প্রজাতি রয়েছে। সিলেট বন বিভাগের বন সম্প্রসারণ ও নার্সারি শাখা গাছ কাটার প্রক্রিয়া তদারক করছে।

বন বিভাগের বন সম্প্রসারণ শাখা সূত্র জানায়, পারাইরচকে গাছগুলো লাগানো হয়েছিল ১৯৯৩ থেকে ১৯৯৪ সালে। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে সামাজিক বনায়নে ২২ জনের একটি উপকারভোগী পক্ষ তৈরি করে রোপণ করা হয়েছিল গাছগুলো। এ নিয়ে বন বিভাগের সঙ্গে চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী ২০ বছর পর গাছগুলো কাটা হবে বলে উল্লেখ থাকায় পারাইরচক থেকে খালেরমুখ মাজার পর্যন্ত ৮০০ গাছ চিহ্নিত করে একটি তালিকা করা হয়েছে। সিলেট জেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটিতে এ তালিকা উপস্থাপন সাপেক্ষে দরপত্র আহ্বান করে আগামী বর্ষকালের শুরুতে গাছগুলো কাটা হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম জেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির একজন সদস্য। জানতে চাইলে কমিটিতে গাছ কাটার বিষয়টি উপস্থাপনের আগেই বন বিভাগের লোকজনের কেটে ফেলার এমন প্রস্তুতি নেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
বাপা নেতা প্রথম আলোকে বলেন, বৃক্ষ রোপণে বন বিভাগের সামাজিক বনায়নের ওই রীতি নিয়েও পরিবেশবাদীদের দ্বিমত রয়েছে। চুক্তির চেয়ে এখন গাছগুলোর অবস্থানগত দিক বিবেচনা করে রক্ষা করা যায় কি না, এটি ভেবে দেখা উচিত।
বন সম্প্রসারণ ও নার্সারি শাখা নগরের শেখঘাট এলাকায়। শেখঘাটে কর্মরত বন বিভাগের প্ল্যান্টেশন সহায়ক (পিএম) কর্মকর্তা রুহুল আমিন জানান, সামাজিক বনায়নে প্রচলিত রীতি হচ্ছে পরিপক্ব হলে গাছ কাটা হবে। এ রীতি অনুসরণ করে সম্পাদিত চুক্তি অনুযায়ী গাছগুলো কাটার প্রস্তুতি চলছে।
গাছ কাটার পর পারাইরচক থেকে এক কিলোমিটার এলাকাজুড়ে আরও এক হাজার গাছ রোপণ করা হবে এবং এ কাজের জন্যই এবারের বর্ষাকালকে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।