জেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ আহমেদসহ পাঁচজন আহত হন। গতকাল শনিবার পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা যুবদলের দুই নেতার মধ্যে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়।
আহত নেতা-কর্মীদের মধ্যে সাজিদ আহমেদ (২৬) ও শামীমের (২৫) বাড়ি শহরের শিমরাইলকান্দি মহল্লায়। সাজিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে উত্তর মৌড়াইল এলাকার সজীব বর্মণ, হিমেল মিয়া ও উমর মোল্লা নামে তিনজনকে আটক করেছে।
যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী জানান, গতকাল সকালে পৌর শহরের পুনিয়াউট এলাকায় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন যুবদলের কর্মীরা জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় বুধল ইউনিয়ন যুবদলের এক কর্মী বক্তব্য দিতে চাইলে মিজানুর তাতে বাধা দেন, কিন্তু আহ্বায়ক ওই যুবককে বক্তব্য দেওয়ার অনুমতি দেন। বক্তব্যে ওই যুবক আহ্বায়কের নাম পরে বলেন। সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজম ওই যুবকের কাছে বিষয়টি জানতে চাইলে আহ্বায়ক রেগে যান।
পরে যুবদলের আহ্বায়ক মনির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মিজানুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক ছায়েদ হাসানসহ অন্য নেতা-কর্মীরা উভয় পক্ষকে ফিরিয়ে দেন।
দলীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার জের ধরে বেলা দুইটার দিকে আহ্বায়ক মনির হোসেনের পক্ষ নিয়ে শিমরাইলকান্দি এলাকা থেকে পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশের নেতা-কর্মীরা উত্তর মৌড়াইল এলাকায় হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় সাজিদ ও শামীম আহত হন। সংঘর্ষের সময় নাদিম ভিজ্যুয়াল অ্যান্ড ফটোস্ট্যাট, মোল্লা অনলাইন, রয়েল মাইক সার্ভিস ও একটি মুদিদোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, ‘সভা ভালোভাবেই শেষ করে আমি ঢাকায় চলে এসেছি। আর আমার পক্ষ নিয়ে কেউ কোনো ঝামেলা করেনি। তবে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। জুনিয়রদের মধ্যে ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।’
জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে আহ্বায়কের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছিল। সে সময় ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের ফিরিয়ে দেয়। বিষয়টি ওখানেই শেষ হয়ে গেছে। এর পরের ঘটনা আমি জানি না।’
এ বিষয়ে কথা বলার জন্য পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুর রহমান ওরফে মান্নার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা বলেন, যুবদলের দুই পক্ষের মধ্যের ঝামেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।