
টাকার বিনিময়ে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ করে।
ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদে মিলনায়তনে গতকাল সন্ধ্যায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক স্বরূপ কুমার সাহা। এর আগে জেলা ছাত্রলীগের আহ্বায়কের পদত্যাগ ও ঘোষিত কমিটি বাতিলের দাবিতে উপজেলার দিনাজপুর–ঢাকা মহাসড়কের পাশে রানীগঞ্জে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা আহ্বায়ক কমিটি।
লিখিত বক্তব্যে স্বরূপ কুমার সাহা অভিযোগ করেন, তিন মাস আগে থেকে কাউন্সিলের মাধ্যমে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজের কাছে তাঁরা দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু পারভেজ বিভিন্ন অজুহাতে সে সময় কমিটি গঠন সম্ভব নয় বলে তাঁদের জানান। কিন্তু গত ৮ অক্টোবর হঠাৎ করেই কোনো নোটিশ ছাড়াই অবৈধভাবে এক বছরের জন্য ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা দেন পারভেজ। ফিরোজ কবির ও শাহজাহান আলী শ্যমকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়। কমিটিটি গঠনের ব্যাপারে পারভেজ স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সঙ্গেও কোনো পরামর্শ করেননি।
স্বরূপ কুমার সাহা অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদ মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কাজ করেছেন। ঘোড়াঘাটের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ অশান্ত করতেই পারভেজ আহমেদ এ কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, পারভেজ আহমেদ আজ থেকে পাঁচ বছর আগে নিজে তিন মাসের জন্য গঠিত একটি কমিটির আহ্বায়ক হন। এরপর থেকে আজ অবধি তিনি অবৈধভাবে ওই পদ ধরে আছেন। আগামী শনিবারের মধ্যে জেলা ছাত্রলীগের আহ্বায়ক ঘোষিত ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল ও পারভেজ আহমদের অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ার করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদের মুঠোফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।