জেলা জজের কার্যালয়ে বোমা হামলার হুমকি
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল এবং সাত দিনের মধ্যে অন্য জঙ্গিদের মুক্তি না দিলে জেলা জজ কার্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
জেলা জজ মো. মাহবুব-উল ইসলামকে চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। চিঠিটি গত সোমবার জেলা জজ আদালতে পৌঁছায়। গতকাল মঙ্গলবার বিকেলে চিঠিটি খোলা হয়। এর পরপরই আদালত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
চিঠিটিতে প্রেরকের নামের জায়গায় ‘কালা মিয়া, মনিপুরঘাট, বত্রিশ, কিশোরগঞ্জ’ উল্লেখ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘আনোয়ার হোসেনের রিমান্ড বাতিল ও সাত দিনের মধ্যে শোলাকিয়ার সব ইসলামি নেতাদের মুক্তি দাও, অন্যথায় তোমার কার্যালয়ে বোমা ফোটানো হবে।’
আনোয়ার হোসেন ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ও পরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শফিউল ইসলামের ভাড়া নেওয়া বাড়ির মালিক।
সন্ধ্যায় জেলা জজ মাহবুব-উল-ইসলাম জেলা প্রশাসক, কারা তত্ত্বাবধায়কসহ কর্মকর্তাদের সঙ্গে নিজ কার্যালয় বৈঠক করেন।এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির মো. সেলিম চৌধুরী গতকাল কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।