জেলা পরিষদ প্রশাসকের গাড়িতে হামলার চেষ্টা
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম এনামুল কবির ওরফে ইমনের গাড়িতে গতকাল বুধবার সুনামগঞ্জে হামলার চেষ্টা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া জেলার জগন্নাথপুর, তাহিরপুর ও ধরমপাশা উপজেলায়ও বিক্ষোভ করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।
এনামুল কবীর জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি শহরের গার্লস স্কুল এলাকায় যান। তিনি গাড়ি থেকে নেমে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই একটি মোটরসাইকেলে মুখোশধারী তিনজন যুবক গিয়ে তাঁর গাড়িতে হামলার চেষ্টা করে। আশাপাশের লোকজন ‘ধর ধর’ বলে চিৎকার দিলে যুবকেরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি ঢিল ছুড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মকবুল হোসেন মোল্লা বলেন, ‘উনি (এনামুল কবির) আমাদের বলেছেন কে বা কারা ওনার গাড়ির সামনে টায়ারে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে গেছে।’