জেলা পরিষদ সদস্যসহ পাঁচজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যান।
দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারের বিশেষ বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাঁরা। আদালতের বিচারক মীর শফিকুল আলম জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁরা হলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, মাতারবাড়ীর বাসিন্দা আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মুহিবুল ইসলাম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি মো. সিরাজ উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এর আগে একই মামলায় গত ৩০ জুলাই কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও ৩১ জুলাই সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা মুখ্য বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন করলে তা নাকচ হয়।
আদালত ও দুদক সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। দুদক তদন্ত শেষে ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পায়। গত ৩ এপ্রিল তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।