জেলা পরিষদের চেয়ারম্যানকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জিল্লুর রহমানকে মুঠোফোনে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার রাতে তাঁকে এ হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান। জিডিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের সমাজকর্ম বিভাগে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে জেলা পরিষদের চেয়ারম্যানের পুত্রবধূ শাহীনূর নাহার এ পদের জন্য আবেদন করেন এবং নিয়োগ পরীক্ষায় প্রথম হন। এরপরও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তী সময়ে এ ব্যাপারে শাহীনূর নাহার শিক্ষাসচিবের কাছে অভিযোগ করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বুধবার রাত ৯টা ৫৯ মিনিটে একটি বাংলালিংক নম্বর থেকে চেয়ারম্যানের মুঠোফোন নম্বরে ফোন আসে। ফোন ধরার পর একজন তাঁকে গালাগাল করে বলেন, ‘আগামীকালের মধ্যে তোর পুত্রবধূ অভিযোগ প্রত্যাহার করে না নিলে তোকে এবং তোর পরিবারের সদস্যদের হত্যা করা হবে।’ এটা শোনার পর তিনি লাইন কেটে দেন। এর কিছুক্ষণ পর আরেকটি এয়ারটেল নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। এ সময়ও আগেরবার ফোন কেটে দেওয়ার জন্য তাঁকে অকথ্য ভাষায় গালাগালসহ অভিযোগ প্রত্যাহার না করলে তাঁর পুত্রবধূকে প্রকাশ্যে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, প্রযুক্তির সাহায্যে হুমকিদাতাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।