জেলা পরিষদের জমি দখল করে মার্কেট নির্মাণ?

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে নগরের জামতলা এলাকায় জেলা পরিষদের ৯ দশমিক ২২ শতক জমি অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সেখানে ৩৫টি দোকানঘর তুলে পাঁচ লাখ টাকা করে নিয়ে ভাড়া দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী কয়েকজন বলেন, চাষাঢ়া মৌজার ওই জমিতে বাঁশ ও কাঠের পাটাতনের ১৮টি দোকান তুলে ১৮ জন ব্যবসায়ী পান, চা, সিগারেট, লন্ড্রি, মুরগি, সেলুন, ফার্নিচার, খাবারের দোকান তুলে পাঁচ-ছয় বছর ধরে ব্যবসা করতেন। গত ২৪ নভেম্বর রাতে হাসনাইন মুশফিক ও ওয়াদরিব অনন্ত নামের দুজন সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই ১৮টি দোকান ভাঙচুর এবং দোকানে থাকা টাকা ও পণ্য লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দীনেশ চন্দ্র সাহা ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। উচ্ছেদের পরপরই জমিতে হাসনাইন মুশফিকের নামে সাইনবোর্ড লাগানো হয়। এরপর সেখানে এক মাস ধরে বালু ভরাট করে পাকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ৩৫টি দোকানের নকশাসংবলিত সাইনবোর্ড টানিয়ে সেখানে লেখা রয়েছে, দোকান ভাড়া দেওয়া হবে। যোগাযোগের জন্য দুটি মুঠোফোন নম্বরও দেওয়া হয়েছে। সেখানকার প্রতিটি দোকানের জন্য পাঁচ লাখ টাকা এককালীন এবং মাসিক পাঁচ হাজার টাকা ভাড়া চাওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হাসনাইন মুশফিক জেলা পরিষদের কাছ থেকে ইসদাইর মৌজায় সাড়ে চার শতক জমি এক বছরের জন্য ইজারা নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের জরিপকারী (সার্ভেয়ার) মাসুদুর রহমান ও প্রধান সহকারী রেজাউল করিমের যোগসাজশে ওই ৯ দশমিক ২২ শতক জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন। হাসনাইন মুশফিক ও ওয়াদরিব অনন্ত ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তাঁরা জামতলা এলাকায় থাকেন।
হাসনাইন মুশফিক ও ওয়াদরিব অনন্ত বলেন, বৈধভাবে ইজারা নিয়েই সেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে।
মাসুদুর রহমান ও রেজাউল করীমও তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা মার্কেটের নির্মাণকাজ করছেন। সিটি করপোরেশনের রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণকাজের জন্য ইট ও বালু রাখা হয়েছে। মার্কেটের নির্মাণকাজ উপলক্ষে গভীর রাত পর্যন্ত সেখানে ১৫-২০ জন যুবক অবস্থান করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বলেন, জেলা পরিষদের জমিতে অবৈধ মার্কেট নির্মাণ হচ্ছে—খবর পেয়ে পুলিশ গত সোমবার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু জেলা পরিষদ পুলিশের কাছে অভিযোগ দেয়নি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী বলেন, চাষাঢ়ার ওই জমি হাসনাইন মুশফিক নামের কাউকে ইজারা দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে সার্ভেয়ার দিয়ে জমিটি দ্রুত মাপা হবে। অবৈধভাবে মার্কেট নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই বলেন, জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।