জেলা পরিষদের জায়গা বেদখল
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় জেলা পরিষদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভবনের কাজ দ্রুত শেষ করতে দিন-রাত শ্রমিকেরা কাজ করছেন।
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম আনারুল ইসলাম বলেন, ১৯৮১ সালের ১২ আগস্ট ভোমরা বন্দরের গ্রামীণফোনের টাওয়ারের পাশে ১৬৫ শতক জমি শহরের কাটিয়ার আবুল হোসেন মহকুমা প্রশাসকের কাছ থেকে কৃষিজমি হিসেবে বাংলা ১৩৭৬ থেকে ১৩৮১ সন পর্যন্ত বন্দোবস্ত নেন। বন্দোবস্ত নেওয়ার দুই দিন পর ১৪ আগস্ট আবুল হোসেন ওই জমির (জেলা পরিষদের আইন অনুয়ায়ী বন্দোবস্তের জমি হস্তান্তর করার কোনো বিধান নেই) ১৬০ শতক সাবেক তহশিলদার গোলাম মোস্তফা ও জিন্নাত আলীর কাছে বিক্রি করেন। এরপর ১৯৮৯ সালের ৪ ডিসেম্বর তাঁদের কাছ থেকে ওই জমি কেনেন ভোমরা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, রোকেয়া ও আফছার আলী, আছিয়া, মাসুরাসহ কয়েকজন। অবৈধ হস্তান্তরের বিরুদ্ধে জেলা পরিষদের পক্ষ থেকে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) ট্রাইব্যুনালে ও রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি মামলা করা হয়। মামলা দুটি বিচারাধীন রয়েছে।
জি এম আনারুল ইসলাম আরও বলেন, ২০১৪ থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ওই জমি তিনিসহ ১৫ জনকে বন্দোবস্ত দেয় জেলা পরিষদ। তারপর থেকে ওই জমি তাঁরা ভোগদখল করে আসছিলেন। কিন্তু জমির মালিকানা দাবি করে ওই বন্দোবস্তের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আছিয়া, রফিকুলসহ কয়েকজন ২০১৬ সালের নভেম্বর মাসে আদালতে মামলা করেন, যা এখনো বিচারাধীন।
২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে রফিকুলসহ কয়েকজন ওই জমি দখল করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি ১ ফেব্রুয়ারি জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে জানালে তিনি মাপ-জরিপকারক পাঠিয়ে কাজ বন্ধ করে দেন। পাশাপাশি উভয় পক্ষকে নোটিশ করেন। ১৩ ফেব্রুয়ারি উভয় পক্ষের কাগজপত্র যাচাই করার একপর্যায়ে কোনো সমাধান না হওয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মঈনুল ইসলাম উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কাজ না করার নির্দেশ দেন। কিন্তু তা না মেনে রফিকুল ইসলাম ওই বিরোধপূর্ণ জমির মধ্য থেকে ১৮ শতক জমিতে ২৪ ডিসেম্বর থেকে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, ১০-১২ জন শ্রমিক ভবন নির্মাণের কাজ করছেন। এ সময় শ্রমিক কামরুল ইসলাম বলেন, এই ভবন নির্মাণ করছেন রফিকুল ইসলাম।
সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক। তাই তাঁর জমিতে নির্মাণকাজ করছেন।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস বলেন, চোখের সামনে জায়গা জবরদখল করে দিন-রাত বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। বিষয়টি জেলা পরিষদের সভায় তিনি উত্থাপন করেছিলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত না হওয়ায় তিনি নিজেই জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে দরখাস্ত করবেন। তবে ওই জমিতে কারও পক্ষে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই বলে তিনি নিশ্চিত করেন।
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘রফিকুল ইসলাম যেখানে ভবন নির্মাণ করছেন, সেখানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে শুনেছি। ওই জমি উদ্ধারে ইতিমধ্যে আদালতে মামলা হয়েছে।’ বিষয়টি তিনি দেখবেন বলে জানান।