জেলা প্রশাসককে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার
চাকরির জন্য জেলা প্রশাসককে ঘুষ দিতে এসেছিলেন এক যুবক। তাঁর সঙ্গে ছিল পাঁচ লাখ টাকা। শেষ পর্যন্ত তাঁর ঠাঁই হয়েছে কারাগারে। টাকাসহ ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার যুবকের নাম তৌহিদুর রহমান (৩২)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার পুড়ানিয়ার চর গ্রামের বজলুর রহমানের ছেলে। তৌহিদুর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরে থাকেন। পুলিশ সুপারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদের এক প্রার্থীর পক্ষে তিনি তদবির করতে এসেছিলেন।
জেলা প্রশাসকের দাপ্তরিক সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় শ্রেণির পদমর্যাদায় বিভিন্ন পদে ২০ জন কর্মচারী নিয়োগ করা হবে। এ ছাড়া পুলিশ সুপারের কার্যালয়ে কম্পিউটার অপারেট নিয়োগের বিষয়টি এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। মোট ২১টি পদের জন্য ২ হাজার ৫৩৫ জন আবেদন করেন। গতকাল শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গত বুধবার একজন মন্ত্রীর এপিএস মিজানুর রহমান পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেন। তিনি সার্টিফিকেট সহকারী পদে শ্রীপুরের একজনকে নিয়োগের জন্য সুপারিশ করেন। পরদিন সন্ধ্যায় তাঁর কার্যালয়ে তৌহিদুর রহমান নামের ওই যুবক তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তিনি কক্ষে ঢুকে একান্তে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তিনি তাঁকে সবার সামনেই কথা বলতে বলেন। ঠিক এ সময় এক মন্ত্রীর এপিএসের ভাই পরিচয়ে একজন ফোন করে বলেন, ‘নিয়োগটা দিয়ে দেন। হালকা-পাতলা পাঠালাম। বাকিটা পরে দিবানে।’
মোহাম্মদ আতিকুর রহমান আরও বলেন, ‘ওই ফোনের পর আমার সন্দেহ হয়। পরে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তাঁর শরীর তল্লাশি করে একটি প্যাকেটে পাঁচ লাখ টাকা, এক প্রার্থীর প্রবেশপত্র ও তিনটি মুঠোফোন উদ্ধার করে।’