জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার বিকেলে সমিতির জরুরি সাধারণ সভায় এ দাবি জানানো হয়। একই সঙ্গে একজন জ্যেষ্ঠ আইনজীবী ও তাঁর গাড়িচালকের ওপর হামলার ঘটনায় জড়িত জেলা প্রশাসনের কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিক্ষুব্ধ আইনজীবীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই চট্টগ্রাম আদালত ভবন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, জ্যেষ্ঠ আইনজীবী নিশাত সুলতানার গাড়িচালক তাঁর গাড়িটি গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনজীবীদের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গায় রাখতে যান। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের দুই আনসার সদস্য জাকের হোসেন ও হুমায়ুন কবির গাড়িচালক মো. সিদ্দিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা গাড়িচালককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান আইনজীবী নিশাত সুলতানা, সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদসহ অন্য আইনজীবীরা। এ সময় দুই আনসার সদস্য আইনজীবীদের ওপর চড়াও হন। গাড়িচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনামুল হক বলেন, এ ঘটনার পর বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে জরুরি সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অনতিবিলম্বে চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রত্যাহার করতে হবে। হামলার ঘটনায় জড়িত জেলা প্রশাসনের কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা এবং এর আগে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের হাতে আইনজীবীদের লাঞ্ছিত হওয়ার ঘটনারও বিচার করতে হবে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘তুচ্ছ একটি ঘটনায় বিজ্ঞ আইনজীবীরা কেন এসব করছেন বুঝি না। আইনজীবীরা জানানোর পরপরই দুই আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’