জেলা প্রশাসকের কাছে চাঁদা দাবি, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের কাছে চরমপন্থী নেতা পরিচয়ে মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে পরিবারের ক্ষতি করারও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রোববার জেলা প্রশাসক খুলনায় দাপ্তরিক কাজ শেষে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। বেলা ২টা ৪৯ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে ফোন করে। অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি চরমপন্থী নেতা ‘মেজর জিয়াউর রহমান’ ওরফে ‘মেজর জিয়া’ পরিচয়ে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই ব্যক্তি আরও বলে, তার বাহিনীর কারাবন্দী সদস্যদের মুক্তির জন্য ৫০ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে ৪০ লাখ টাকা জোগাড় করেছে। বাকি ১০ লাখ টাকা তাঁকে (জেলা প্রশাসককে) দিতে হবে। টাকা না দিলে ছেলেমেয়েসহ পরিবারের ক্ষতি করা হবে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনা পুলিশকে জানানো হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
যোগাযোগ করা হলে জেলা প্রশাসক সায়মা ইউনুস তাঁর কাছে চাঁদা দাবি করার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।