জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান রেকর্ড কিপারসহ তিনজন গ্রেপ্তার
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের প্রধান রেকর্ড কিপারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের নির্দেশে বাগেরহাট মডেল থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার কাইটপাড়া গ্রামের জেলা রেকর্ডরুমের প্রধান রেকর্ডকিপার অসীম কুমার বসু (৫৬), চরগ্রামের রেকর্ডরুমের অফিস সহকারী ইলিয়াস হোসেন (৫৩) এবং সুলতানপুর গ্রামের রেকর্ডরুমের অফিস সহকারী মনিরুজ্জামান (৪৯)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন মামলার বরাত দিয়ে বলেন, মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের আবু সাঈদ খলিফা ২৪ জুন তাঁর একটি জমির রেকর্ড বিকৃতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
পরে জেলা প্রশাসকের দপ্তর থেকে তদন্ত করে অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে ওই তিন ব্যক্তির জড়িত থাকার প্রমাণ
মেলে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করেন।