জেলা প্রশাসকের বাসভবনের সামনে পশুর অবৈধ হাট
নারায়ণগঞ্জ নগরের খানপুরে জেলা প্রশাসকের সরকারি বাসভবন থেকে মাত্র ৫০ গজ দূরেই বরফ কল মাঠ ও আশপাশের সড়কে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানো হয়েছে।
এ বছর তিন দফায় দরপত্র আহ্বান করেও কাঙ্ক্ষিত দর না পাওয়ায় সিটি করপোরেশন গত মঙ্গলবার হাট ইজারার সিদ্ধান্ত বাতিল করে। তবে এর আগেই ১৩ সেপ্টেম্বর থেকে অবৈধভাবে এখানে হাট বসানো হয়।
১৪ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা পুলিশ সুপার ও র্যা ব-১১-এর কাছে অবৈধ ওই হাটটি অপসারণের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী সিটি করপোরেশনের এলাকায় কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার একক ক্ষমতা সিটি করপোরেশনের।
গত মঙ্গলবার বিকেলে ওই হাটে গিয়ে দেখা যায়, সেখানে কোরবানির পশুর বেচাকেনা চলছে। প্রকাশ্যে হাসিল আদায় না হলেও কোনো পশু বিক্রি হলেই হাসিল আদায়কারীরা হাজির হচ্ছেন ক্রেতা-বিক্রেতার সামনে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত বছর এই জায়গায় সিটি করপোরেশন ৩২ লাখ ২১ হাজার ৫০০ টাকায় কোরবানির পশুর হাট ইজারা দিয়েছিল। এ থেকে সরকার আয়কর ও অন্যান্য খাতে রাজস্ব পেয়েছিল ১২ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা।
তবে এ বছর ১০ সেপ্টেম্বর প্রথম দফার দরপত্রে হাট ইজারার জন্য সর্বোচ্চ দর ওঠে ১০ লাখ টাকা। ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় দর ওঠে ১০ লাখ ১০ হাজার টাকা। আর মঙ্গলবার তৃতীয় দফার দরপত্রে সর্বোচ্চ দর ওঠে মাত্র দুই লাখ টাকা। তিন দফাতেই সর্বোচ্চ দর দাখিল করেন যুবলীগের স্থানীয় নেতা চঞ্চল মাহমুদ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, তৃতীয় দফায়ও হাটের দর গত বছরের সমান না পাওয়ায় বাধ্য হয়েই হাটটি বাতিল ঘোষণা করা হয়েছে। অবৈধ এই হাট অপসারণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে কথা বলার জন্য হাটে গিয়ে চঞ্চল মাহমুদকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, সিটি করপোরেশন কাঙ্ক্ষিত দর না পেয়ে নিয়ম মোতাবেক বরফ কল হাট বাতিল করেছে।
কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সেখানে অবৈধভাবে পশুর হাট বসিয়ে সরকার ও সিটি করপোরেশনকে রাজস্ব থেকে বঞ্চিত করেছেন। এরপরও প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।
জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা বলেন, ‘কারা বরফ কল মাঠে পশুর হাট বসিয়েছে তা আমার জানা নেই। তবে সিটি করপোরেশন জানিয়েছে, কয়েক দফা দরপত্র আহ্বান করেও কম দর পাওয়ায় তারা হাটটি বাতিল করেছে। সিটি করপোরেশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। যদি হাটটি বন্ধ করতে হয়, তাহলে ওনাদের (সিটি করপোরেশনের) শ্রমিক ও লোক লাগবে। পুলিশ যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করবে।’