জেলা প্রশাসকের সহযোগিতায় পাহাড় কাটার অভিযোগ
বান্দরবান জেলা শহরের কেওচিংঘাটা এলাকায় জেলা প্রশাসকের সহযোগিতায় জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা কবরস্থানের ১০ একরের এক পাহাড় কাটছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় (পাচবিম) থেকে বরাদ্দ দেওয়া খাদ্যশস্য বিক্রি করে পাহাড় কাটার যন্ত্র দিয়ে পাহাড়ের কিছু অংশ কেটে কবরস্থানের সড়ক নির্মাণ করা হচ্ছে বলে জামায়াত-সমর্থক কবরস্থানের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দাবি করেছেন।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটার কথা স্বীকার করে বলেন, তাঁরা কবরস্থানের রাস্তা নির্মাণ এবং ১০ হাজার গাছের চারা রোপণের জন্য পাহাড়ের কিছু অংশ কেটে তেমন অপরাধ করেননি। সেটি নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার পরামর্শ দেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক জাফর আলম বলেছেন, তাঁদের কাছে অভিযোগ এসেছে যে বান্দরবানের জেলা প্রশাসকের সহযোগিতায় কবরস্থানের পাহাড় কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।
গত বুধবার কেওচিংঘাটায় গিয়ে দেখা গেছে, গণপূর্ত কার্যালয়ের দক্ষিণ পাশের বিশাল পাহাড়টি মাটি কাটার যন্ত্র দিয়ে বিপজ্জনকভাবে কাটা হচ্ছে। পাহাড়ের চূড়া ও ঢাল কেটে ফেলা হয়েছে। তিন দিকে ঢালু পাহাড় কেটে সড়কের মতো করা হলেও বৃষ্টিপাতে তা ভেঙে পড়ছে এবং কেটে ফেলা মাটি ক্ষয়ে পার্শ্ববর্তী ঝিরি (ছোট ছড়া) হয়ে সাঙ্গু নদে যাচ্ছে। সেখানে পাহাড় কাটার কাজের তত্ত্বাবধানকারী ও সাবেক পৌর কাউন্সিলর বদিউল আলম বলেন, কবরস্থানের রাস্তা ও জানাজার জায়গার জন্য পাহাড়ের কিছু অংশ কাটা হচ্ছে।
বোমাং রাজার দপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের মহাফেজখানার সূত্রে জানা যায়, গণপূর্ত দপ্তরের দক্ষিণ পাশে সেক্রেটারি কবরস্থানের নামে ৪৫৮ নম্বর হোল্ডিংয়ে ১৯৮৩ সালে ১০ একর তৃতীয় শ্রেণির জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। যদিও ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি অনুযায়ী জেলা প্রশাসক এক হোল্ডিংয়ে মাত্র পাঁচ একর জমি বন্দোবস্ত দিতে পারেন।
জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান পাহাড় কাটা হয়নি দাবি করে বলেন, কবরস্থানে যাতায়াতের সুবিধার জন্য সড়ক নির্মাণ করতে পাহাড়ের কিছু অংশ কাটা হয়েছে।
মাহবুবুর রহমান আরও বলেন, জেলা প্রশাসক কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি এবং তিনি (মাহবুবুর রহমান) সাধারণ সম্পাদক হওয়ায় তাঁরা কাজের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। পাচবিমের বরাদ্দ খাদ্যশস্য ও স্থানীয় তহবিলের (স্থানীয় তহবিল কে দিয়েছে বলতে চাননি) টাকায় পাহাড় কাটার বুলডোজার ও শ্রমিকের ব্যয় বহন করা হচ্ছে।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম পাহাড় কাটার সংবাদ প্রকাশ করলে ১০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগও তুলে ধরার পরামর্শ দিয়ে বলেন, এখন আর পাহাড় কাটা হচ্ছে না। যন্ত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেওচিংঘাটায় গিয়ে গত বুধবারও পাহাড় কাটতে দেখা গেছে।