জেলা প্রশাসনের গাড়িতে মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জেলা প্রশাসনের গাড়ি (নম্বর, সিলেট-ঘ-০২৫৭) দিয়ে ফেনসিডিল পরিবহনকালে গাড়িসহ চালককে আটক করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) সদস্যরা। আটক গাড়িচালকের নাম রুমন মিয়া (২৭)।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগরের শিবগঞ্জ এলাকায় যানবাহন তল্লাশিকালে ওই গাড়িতে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। রাত ১১টায় র্যা ব-৯ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আটক গাড়ির চালক ও উদ্ধার করা ফেনসিডিল প্রদর্শন করে ঘটনার বর্ণনা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা প্রশাসনের গাড়িচালক পদে চাকরিজীবী রুমন মিয়ার (২৭) বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। রুমনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাগমারা গ্রামে। চাকরির সুবাদে থাকতেন সিলেট সার্কিট হাউসের একটি কক্ষে। মাদক পরিবহনে জেলা প্রশাসনের গাড়ি ব্যবহার করার অভিযোগের পরিপ্রেক্ষিতে রুমনকে পর্যবেক্ষণ করতে গিয়ে র্যা বের হাতে ধরা পড়েন তিনি।
সংবাদ সম্মেলনে র্যা ব-৯-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুামায়ূন কবির জানান, রুমন দুই বছর ধরে ফেনসিডিল আনা-নেওয়ার কাজে জেলা প্রশাসনের গাড়ি ব্যবহার করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। রুমনের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত রুমন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি জানান, জেলা প্রশাসনের সার্কিট হাউসের একটি কক্ষে তিনি থাকেন। জকিগঞ্জ থেকে ফেনসিডিল নিয়ে তিনি শিবগঞ্জ এলাকার এক লোকের কাছে যাচ্ছিলেন। সংবাদ সম্মেলনে রুমন দাবি করেন, গাড়িটি জেলা প্রশাসকের স্ত্রী ব্যবহার করেন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের স্ত্রীকে নামিয়ে দিয়ে ফেনসিডিল নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিনি।
গতকাল বুধবার দুপুরে যোগাযোগ করলে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম গাড়িটি ডিসি পুলের বলে নিশ্চিত করেন। তাঁর স্ত্রী ব্যবহার করেন কি না, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। গাড়িটি ডিসি পুলের প্রটোকল গাড়ি। এটি কোনো কর্মকর্তা বা অন্য কারোর জন্য নির্ধারিত নয়, শুধু প্রটোকলে ব্যবহার হয়।’