জেলা প্রশাসনের পুকুর ভরাট করছে যুবলীগ-ছাত্রলীগ

মাদারীপুর শহরের পুলিশ ফাঁড়ি পুকুরটি ভরাট করা হচ্ছে। যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা অবৈধভাবে পুকুরটি ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা থেকে পুকুরটি ভরাট বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মাদারীপুর পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, শহরের পুরান বাজারের লঞ্চঘাট এলাকায় পুকুরটি অবস্থিত। প্রায় ২০০ বছরের পুরোনো দুই একর তিন শতাংশের এই পুকুরের মালিক জেলা প্রশাসন। পুকুরটি ভরাটের পাঁয়তারার বিষয়টি টের পেয়ে এটি রক্ষা করার অনুরোধ জানিয়ে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন গত এক বছরে জেলা প্রশাসককে তিন দফা চিঠি দিয়েছেন।
গত মঙ্গলবার সকাল থেকে খননযন্ত্রের একটি পাইপ দিয়ে পুকুরে বালু ফেলা হচ্ছে। পুকুরটি ভরাট বন্ধের দাবি জানিয়ে স্থানীয় জনতা ও ফ্রেন্ডস অব নেচার নামের একটি পরিবেশবাদী সংগঠন মঙ্গলবার শহরে মানববন্ধন করেছে। পৌর মেয়র ইতিমধ্যে খননযন্ত্রের মালিক শাহীন মুন্সি ও রাজিব মিয়াকে চিঠি দিয়ে পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। পুকুরটি ভরাট প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাইয়ের ছেলে ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মাহমুদ।
গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতা সেখানে অবস্থান করছেন। পুকুরে একটি পাইপ দিয়ে বালু ফেলা হচ্ছে। জাহিদুল ইসলাম দাবি করেন, ‘মাদারীপুর শহর রক্ষা বাঁধের কাছাকাছি যত পুকুর আছে, সব ভরাট করার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এসব বিষয়ে জেলা প্রশাসক অবহিত আছেন। তাঁদের অনুমতি নিয়েই আমরা ভরাটকাজ শুরু করেছি।’ সাইফুর রহমান রুবেল খানের দাবি, পুকুর ভরাট করে সরকারের উন্নয়নকাজ করা হবে। নৌপরিবহনমন্ত্রী মাদারীপুরের উন্নয়ন করার জন্য পুকুর ভরাট করার নির্দেশ দিয়েছেন।
মাদারীপুর পৌরসভার মেয়র বলেন, শহরে পানি সংরক্ষণের জন্য পুকুরটি বাঁচিয়ে রাখতে হবে। এ ছাড়া জলাধার ও পরিবেশ আইনে পুকুর ভরাট করা নিষেধ। দুঃখের বিষয়, জেলা প্রশাসন পুকুরটি রক্ষায় এগিয়ে আসছে না। জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘পুকুরটির মালিক জেলা প্রশাসন। সেটি ভরাট করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। সেখানে কোনো উন্নয়নকাজ করারও কোনো নির্দেশনা নেই। পুকুর ভরাটের অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’