জেলা প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্যালয়ের মাঠ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো অনুমতি ছাড়াই চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠটি দখল করে মেলার স্টল নির্মাণ করা হচ্ছে। গত শনিবারের ছবি l প্রথম আলো
কোনো অনুমতি ছাড়াই চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠটি দখল করে মেলার স্টল নির্মাণ করা হচ্ছে। গত শনিবারের ছবি l প্রথম আলো

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ডিসেম্বরে বিজয় মেলার আয়োজন করা হবে। এখন থেকে শুরু হয়ে গেছে মাঠ দখল। গত বছর তৎকালীন জেলা প্রশাসক এই মাঠে মেলা না করার সিদ্ধান্ত নিলেও তা উপেক্ষা করা হচ্ছে।
বর্তমান জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল বলেন, ‘মেলা করার ব্যাপারে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আমি বিষয়টি দেখছি।’
মাঠটি হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের হলেও পাশের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ব্যবহার করে। মাঠটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বসানো হয়েছে অনেকগুলো স্টল। আরও স্টল নির্মাণ চলছে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়ে পাঁচ হাজার ও প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৭০০ শিক্ষার্থী আছে। মাঠ থেকে ১০ গজ দূরে চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও হোস্টেল। কলেজে প্রায় চার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। মাঠের পূর্ব পাশে ৫০ গজ দূরে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সেখানে আছে প্রায় ছয় হাজার শিক্ষার্থী। মেলার কারণে তাদের সবার লেখাপড়া ব্যাহত হচ্ছে।
হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, গত বছর তৎকালীন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বিদ্যালয়ের আপত্তি ও শহরে যানজটের কথা চিন্তা করে মেলাটি এই মাঠে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।