জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারকে অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহিরুল হকের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার এবং সাধারণ মুক্তিযোদ্ধাদের টাকা আত্মসাতের অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এই দাবিতে গতকাল সোমবার তাঁরা জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
মুক্তিযোদ্ধাদের টাকা আত্মসাৎ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জেলা কমান্ডার খন্দকার জহিরুল হক বলেন, ‘নির্বাচিত হওয়ার পর সুন্দরভাবে সংগঠন চালাচ্ছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি।’
গতকাল সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ অভিযোগ করেন, জেলা কমান্ডার জহিরুল হক নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারণ মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়া এবং মুক্তিযোদ্ধাদের নাম করে বিভিন্ন জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা অনুদান এনে আত্মসাৎ করেছেন। সাত দিনের মধ্যে জহিরুল হক সংসদ থেকে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।