জেলা যুবলীগ বলছে কর্মী, উপজেলা বলছে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলায় সন্ত্রাসীদের গুলি ও বোমার আঘাতে নিহত জনি মোল্লার (৩০) রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। যুবলীগের এক পক্ষ জনিকে ইউনিয়ন কমিটির সহসভাপতি দাবি করলেও অন্য পক্ষ বলছে কোনো কমিটিতে জনির নাম নেই।

পুলিশ বলছে, জনি ওই এলাকার সালাম বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ নেতা। তাঁর বিরুদ্ধে দুটি ডাকাতিসহ ফুলতলা থানায় পাঁচটি মামলা রয়েছে। হত্যা, ডাকাতিসহ ১৬টিরও বেশি মামলা নিয়ে সালাম এখন কারাগারে। প্রায় এক মাস আগে জনিকেও কারাগারে পাঠানো হয়েছিল। কিছুদিন আগে তিনি জামিনে ছাড়া পান।

গত শুক্রবার সন্ধ্যায় ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের পাশে তরুণ সংঘ নামের একটি ক্লাবের সামনে গুলি ও বোমা মেরে জনিকে হত্যা করা হয়। তিনি ঢাকুরিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল বলেন, পাঁচ বছরেরও বেশি সময় ধরে জনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ হয়েছিল। তাঁকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।

তবে ফুলতলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম শহীদুল্লাহ বলেন, জনি যুবলীগের নেতা বা কর্মী ছিলেন না। উপজেলা বা ইউনিয়ন পর্যায়ের কোনো কমিটিতে তাঁর নাম নেই। অনেকে নিজ স্বার্থের জন্য জনিকে ব্যবহার করত।

খুলনা মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে ঢাকুরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে জনির লাশ দাফন করা হয়। তাঁর জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী ও যুবলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ ঘটনায় উপজেলায় বিক্ষোভ মিছিলসহ দলীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করা করেছে। আজ খুলনা প্রেসক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা।