জেলা স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ
সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মাদ আলী ওরফে জিন্নাহ্র বিরুদ্ধে সিভিল সার্জনের স্বাক্ষর জালিয়াতি ও উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত ১৩ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, মোহাম্মাদ আলী ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিচ্ছেন। তেল, সুতা ও রং কারখানা, বেকারি, মিষ্টির দোকান, দুগ্ধ শীতলীকরণ কারখানা ও হাটবাজারসহ বিভিন্ন উপজেলার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত চালানোর ভয় দেখিয়ে এই টাকা আদায় করছেন তিনি। পৌর এলাকা তাঁর আওতার বাইরে হলেও সেখানকার ব্যবসায়ীদেরও কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করছেন।
সাবেক সিভিল সার্জন মাঈন উদ্দিনের স্বাক্ষরের সিল বানিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে নবায়নের ফরম পূরণ না করেই দোকানদারদের দিচ্ছেন।
এ ব্যাপারে মোহাম্মাদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হেয় করতে কতিপয় লোক ব্যবসায়ীদের দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছেন।’
সিভিল সার্জন মোহাম্মাদ শামসুদ্দিন বলেন, ‘মহাপরিচালকের দপ্তর ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে শুনেছি। অভিযোগের বিষয়টি তারাই তদন্ত করছেন।’