জেলি মেশানো ৫২৫ কেজি চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন মাছের আড়তে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে জেলি, সাগু ও টুকরো লোহা মেশানো ৫২৫ কেজি চিংড়ি ও ৭০০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট মাছ বিক্রেতাকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
যাঁদের সাজা দেওয়া হয়েছে তারা হলেন উপেন মল্লিক (৩৫), আবদুর রহিম (৩৫), সাইফুল (২৮), অসীম হালদার (৩০), মো. জিয়া (২৮), ইমদাদুল (২৪), নটো গোপাল (৩০) ও সানাউল্লাহ (২৪)।
র‌্যাব-২–এর উপপরিচালক দিদারুল আলমের নেতৃত্বে শুক্রবার ভোর ছয়টার দিকে কারওয়ান বাজারের জনতা, সোনার বাংলা ও সাতক্ষীরা মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এসব আড়ত থেকে জেলি, সাগু ও লোহা মেশানো ৪০০ কেজি গলদা ও ১২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপেন, রহিম, সাইফুল ও অসীমকে দুই মাসের এবং মো. জিয়া ও ইমদাদুলকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
দিদারুল আলম প্রথম আলোকে বলেন, চাঁদপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও মুন্সিগঞ্জ থেকে চিংড়ি এনে এসব আড়তে বিভিন্ন ধরনের কৃত্রিম উপকরণ মেশানো হতো। প্রতি কেজি চিংড়িতে ৫০ গ্রাম জেলি, সাগু ভেতরে ঢোকানো হয়। সিরিঞ্জ দিয়ে চিংড়ির মাথার অংশে এসব উপকরণ ভরা হয়। এ ছাড়া ওজনে কম দিয়ে চিংড়ি বিক্রি করা হতো। জব্দ করা চিংড়ির মূল্য প্রায় সোয়া তিন লাখ টাকা।
একই সময় কারওয়ান বাজারের মুক্তিযোদ্ধা মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রিনিষিদ্ধ ৭০০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এসব মাছ চাষ, বিক্রয় ও মজুত রাখার অপরাধে গোপাল ও সানাউল্লাহকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।