জেলিন হত্যার ঘটনায় দুই ভাই আটক
ছুরিকাঘাতে কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র আসলাম জেলিন (১৭) নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে শহরের মজমপুর গেটের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া দুজন জেলিনের বন্ধু তুষার আহমেদ (১৮) ও তাঁর ভাই নিশান আহমেদ (২০)। তাঁরা শহরের আমলাপাড়া এলাকার ফরিদ করিমের ছেলে।
আজ বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া র্যাব-১২-এর কার্যালয়ে তাঁদের হাজির করে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব কমান্ডার আলী হায়দার।
প্রেস ব্রিফিংয়ে দেওয়া র্যাব কমান্ডার আলী হায়দারের ভাষ্য, গতকাল নিশানের সহযোগিতায় ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা চালান তুষার। রাত সাড়ে ১০টার দিকে তিনি শহরের মজমপুর গেটে বিআরটিসির কাউন্টারের সামনে ছিলেন। সেখান থেকে ভাই নিশানসহ তাঁকে আটক করা হয়। তুষারের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে র্যাব।
তুষারের তথ্যের বরাত দিয়ে আলী হায়দারের দেওয়া ভাষ্য, দলাদলি ও দুই পক্ষের বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার জেলিনের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জেলিনের বুকে-পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান তুষার।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, জেলিনের পরিবারের পক্ষ থেকে মামলা হবে।
পুলিশ জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে শহরের বাবর আলী গেটে সোনালী ব্যাংক কুষ্টিয়া প্রধান কার্যালয়ের সামনে ছুরিকাঘাতে নিহত হন জেলিন। তিনি আড়ুয়াপাড়ার পদ্মা মসলা মিলের মালিক মাহাবুব ইসলামের ছেলে।