জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
ভোলার লালমোহন উপজেলার বেড়িরমাথা এলাকায় গত মঙ্গলবার এক ব্যক্তিকে পিটিয়ে জখম করা হয়। তিনি গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম অলিউল্লাহ (৪৩)। আটক হওয়া ব্যক্তির নাম আলমগীর হোসেন। তাঁরা ফরাজগঞ্জ ইউনিয়ন (ইউপি) পরিষদের বেড়িরমাথা এলাকার বাসিন্দা। তাঁরা দুজনেই জেলে ও প্রতিবেশী।
ফরাজগঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল বশার সেলিম ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদসহ কয়েকজনের ভাষ্য, মঙ্গলবার বিকেলে অলিউল্লাহ ও আলমগীর হোসেনের ছেলেদের মধ্যে খেলাধুলা করতে গিয়ে মারামারি হয়। একে কেন্দ্র করে ওই দিন রাতে আলমগীর হোসেনের সঙ্গে অলিউল্লাহর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী অতর্কিত হামলা করে অলিউল্লাহকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।
এলাকাবাসী অলিউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল সকালে তাঁর মৃত্যু হলে এলাকাবাসী আলমগীর হোসেনকে আটক করে গ্রাম পুলিশের জিম্মায় রাখেন। পরে তাঁকে থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।