জেলেদের উদ্ধারের নামে প্রতারণা
বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের নিখোঁজ ১১ জেলের পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করার কথা বলে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা অঞ্চলের কমান্ডার লে. কর্নেল শামসুল কবির পরিচয় দিয়ে এক ব্যক্তি পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলীকে বলেন, ট্রলারসহ নিখোঁজ ১১ জন জেলের মধ্যে পাঁচজন জেলেকে বনদস্যুদের কবল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাতক্ষীরার ডুমুরিয়া থেকে উদ্ধার করেছে বিজিবি। ওই ব্যক্তি এসআইকে বিষয়টি নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের জানাতে বলেন। ইদ্রিস আলী ঘটনাটি নিখোঁজ ট্রলারটির মালিক হারুন মিয়াকে জানান। এরপর হারুন মিয়া ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি উদ্ধার করা আহত জেলেদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার প্রয়োজন বলে জানান। এরপর গত ৩১ জুলাই বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠান হারুন মিয়া। পরে তিনি জানতে পারেন, ওই জেলেদের কেউই উদ্ধার হননি। তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ নিয়ে স্থানীয় ট্রলারমালিক ও নিখোঁজ জেলেদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা এ প্রতারণার সঙ্গে এসআই ইদ্রিস আলীর যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছেন।
গত ১৬ জুলাই এফবি আনোয়ারা নামের একটি ট্রলারসহ পাথরঘাটার ১১ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এরপর আর তাঁদের খোঁজ পাওয়া যায়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোর সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।
হারুন মিয়া বলেন, এই প্রতারক চক্রের সঙ্গে এসআই ইদ্রিসের যোগাযোগ রয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের কোনো তথ্য জনগণকে দেওয়ার আগে তা পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে দেখা উচিত ছিল।একজন পুলিশ কর্মকর্তা এমন দায়িত্বহীনতার পরিচয় দেবেন, সেটা আমরা ভাবতেও পারছি না। বিষয়টি আমাদের কাছেও সন্দেহজনক মনে হয়।’
ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, একজন পুলিশ কর্মকর্তা এতটা দায়িত্বহীন হলে জনগণ কার কাছে আশ্রয় নেবে?
এসআই ইদ্রিস আলী প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লে. কর্নেল পরিচয়ে ফোন পাওয়ার কারণেই আমি বিষয়টি যাচাই করে দেখার প্রয়োজন মনে করিনি।’ পরবর্তী সময়ে ওই নম্বরে টাকা পাঠানোর আগে তাঁর সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল উল্লেখ করে ইদ্রিস আলী বলেন, একটি প্রতারক চক্র ওই ঘটনা ঘটিয়েছে। শিগগিরই তাদের খুঁজে বের করা হবে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি ওই সময় ছুটিতে ছিলাম এবং এসআই ইদ্রিস সাহেব ওসির দায়িত্বে ছিলেন। বিষয়টি সরল বিশ্বাসে হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আশা করি প্রতারক চক্রকে অল্প দিনের মধ্যেই আমরা ধরতে পারব।’
বরগুনার পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ ঘটনাটি শুনেছেন উল্লেখ করে বলেন, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি নির্দেশ দিয়েছেন।