জেলেদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলে হিসেবে তালিকাভুক্ত ও পরিচয়পত্রের ছবি তোলার জন্য মৎস্য অধিদপ্তরের এক মাঠকর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত বুধবার উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের জেলে শাহাদাৎ হোসেন মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের বলেশ্বর নদের তীরের বেড়িবাঁধের বাসিন্দা জেলে শাহাদাৎ হোসেন এ বছর জেলে হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। ১৪ মার্চ জেলেদের তালিকাভুক্ত হতে তিনি মৎস্য অফিসের মাঠকর্মী মো. মনিরুজ্জামানকে ৪০০ টাকা দেন। গত বুধবার শাহাদাৎ হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে পরিচয়পত্রের জন্য ছবি তুলতে যান। এ সময় মনিরুজ্জামান শাহাদাতের কাছে ছবি তোলার জন্য আরও ১০০ টাকা দাবি করেন। শাহাদাৎ টাকা দিতে অস্বীকৃতি জানালে মনিরুজ্জামান ওই জেলের ছবি না তুলে ফিরিয়ে দেন। এরপর শাহাদাৎ ১০০ টাকা দিয়ে ছবি তোলেন।
উপজেলার ১৩ জন জেলে জানান, নতুন করে জেলে হিসেবে নিবন্ধিত হতে আড়াই হাজার জেলে আবেদন করেন। জেলেদের তালিকাভুক্ত করতে মাঠকর্মী মনিরুজ্জামান কয়েক শ জেলের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা করে নেন। এরপর তালিকাভুক্ত জেলেদের পরিচয়পত্র তৈরি করার জন্য ছবি তুলতে আরও ১০০ টাকা করে নেন।
উপজেলার গুলিসাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ‘দেড় বছর আগে আমি চেয়ারম্যান থাকাকালে জেলেদের তালিকা তৈরির সময় মনিরুজ্জামান ঘুষ নিয়েছিলেন। পরে আমি মনিরুজ্জামানকে চাপ দিলে তিনি জেলেদের টাকা ফেরত দেন।’
মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জেলের (শাহাদাৎ) আবেদনপত্র হারিয়ে গিয়েছিল। সেটি খুঁজে বের করার জন্য চা খেতে ১০০ টাকা নেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, মনিরুজ্জামানের বিরুদ্ধে বরিশাল কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন এক জেলে। তিনি তদন্ত করে দেখবেন।