জেলেদের কাছে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদে জেলেদের কাছ থেকে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার হোমনা ও বাগমারা গ্রামের অর্ধশত জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মৌখিকভাবে এর প্রতিকার চান।
ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দিয়েছি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে। অন্যায় করে থাকলে অবশ্যই তাঁকে শাস্তি পেতে হবে।’
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, হোমনা ও বাগমারা গ্রামের শতাধিক জেলে পাশের তিতাস নদ থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। মাছ শিকার করে নদে ও ঘাটে বিক্রি করলে হোমনা গ্রামের আবুল হোসেন নামের এক ব্যক্তি জেলেদের কাছ থেকে তিন বছর ধরে নিয়মিত চাঁদা নিচ্ছেন। চাঁদা দিতে না চাইলে তাঁদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হয়।
জেলে সুবল চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ‘আইজ নদীতে মাছ বেইচা লাওনে আবুল হোসেন আমারে ট্রলার দিয়া দৌড়াইছে, পরে বাড়ি গিয়া আমার কাছ থেইক্কা জোর কইরা ৫০০ টাকা লইয় আইছে। সব সময়ই নদী আর ঘাটে মাছ বিক্রি করলে চাঁদা নেয় আবুল হোসেন।’
নারায়ণ চন্দ্র দাস বলেন, ‘আমরা এক-দেড় শ জেলে নদী থেইকা মাছ ধরি আর বিক্রি কইরা জীবন চালাই। নদীতে আর ঘাটে মাছ বেচলে আবুল হোসেনকে নিয়মিত চাঁদা দিতে হয়। তিন বছর ধইরা আমাগোর কাছ থেইক্কা চাঁদা নিতাছে আবুল হোসেন।’
আবুল হোসেনের মুঠোফোনে গতকাল দুপুরে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি হোমনা মাছ বাজারের ইজারাদার। জেলেরা বাজারের খাজনা দেন না। তাই গতকাল সুবল চন্দ্রের কাছ থেকে ৫০০ টাকা আদায় করেছি।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, ‘জেলেদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে ইউএনও স্যার বলেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’