জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জেলেদের খাদ্য সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক জেলেকে ৩ মাসে (মার্চ, এপ্রিল ও মে) ১২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চাল কম দেওয়া হচ্ছে। এ ছাড়া জেলে হিসেবে নিবন্ধিত সাড়ে ৩ হাজার জেলে চাল সহায়তা পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, নভেম্বর থেকে জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা (ছোট ইলিশ) ধরা নিষেধ। জাটকা ধরা থেকে বিরত রাখতে সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। মার্চ থেকে জুন পর্যন্ত ৪ মাস প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। মঠবাড়িয়া উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ২ হাজার ৩০০ জেলেকে খাদ্য সহায়তা প্রদান করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ জন্য প্রতি মাসে ৯২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলেরা জানান, উপজেলার বড় মাছুয়া, সাপলেজা ও বেতমোর রাজপাড়া ইউনিয়নে জেলেদের পরিমাণে চাল কম দেওয়ার অভিযোগ রয়েছে। সাপলেজায় ৭১৫, বড় মাছুয়ায় ৩৭০ ও বেতমোর রাজপাড়ায় ৩৫০ জন জেলে খাদ্য সহায়তার চাল পাওয়ার জন্য তালিকাভুক্ত হন। গত শুক্রবার সাপলেজা, রোববার বেতমোর রাজপাড়া এবং দুই সপ্তাহ আগে বড় মাছুয়া ইউনিয়নে জেলেদের মধ্যে ৩ মাসের (মার্চ, এপ্রিল ও মে) চাল বিতরণ করা হয়।

বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের জেলে ফুল মিয়া ও হাবিবুর রহমান অভিযোগ করেন, প্রতিটি জেলে পরিবারকে ৩ মাসের জন্য ১২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হলেও তাঁরা পেয়েছেন মাত্র ৫০ কেজি।

বড় মাছুয়া ও সাপলেজা ইউনিয়নের চাল পাওয়া ১৯ জন জেলে জানান, সাপলেজা ইউনিয়নে ১২০ কেজির পরিবর্তে জেলেরা ১০০ ও ১০৫ কেজি করে চাল পেয়েছেন। বড় মাছুয়া ইউনিয়নে প্রতিটি জেলে পরিবারকে দেওয়া হয়েছে ৭০ কেজি করে চাল।

জেলেরা জানান, বেতমোর রাজপাড়া ইউনিয়নে ৮৯০ জন জেলে হিসেবে পরিচয়পত্র পেয়েছেন। ওই সব জেলে নিবন্ধিত হলেও তাঁদের মধ্যে মাত্র ৩৫০ জন খাদ্য সহায়তার চাল পাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। সাপলেজা ইউনিয়নের দেড় হাজার জেলের মধ্যে খাদ্য সহায়তা পাচ্ছেন ৭১৫ জন জেলে। জেলেদের তালিকা করতে ইউপি সদস্যরা পছন্দের লোকদের গুরুত্ব দিয়েছেন।

বেতমোর রাজপাড়ার ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘৮৯০ জনের জেলে পরিচয়পত্র থাকলেও চাল বরাদ্দ পেয়েছি ৩৫০ জনের। তালিকাভুক্ত জেলেদের চাল থেকে তালিকাভুক্ত হয়নি এমন কিছু দুস্থ জেলেকে চাল দেওয়ায় জেলেরা কিছু কম চাল পাচ্ছেন।’

সাপলেজার ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া বলেন, চাল পরিবহনের খরচ হিসেবে জেলেদের কিছু চাল কম দেওয়া হয়েছে। বড় মাছুয়ার ইউপি চেয়ারম্যান নাসির হোসেন ফোন ধরেননি।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম বলেন, বেতমোর রাজাপাড়া ইউনিয়নের কয়েকজন জেলে চাল বিতরণে অনিয়মের লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য ইউনিয়নে অভিযোগের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।