জেলেদের খাদ্য-সহায়তার চাল বিতরণে অনিয়ম
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে জেলেদের খাদ্য-সহায়তার চাল বিতরণে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৮০০ পরিবারকে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৫০০ পরিবারকে।
৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও জেলেদের দেওয়া হয়েছে ২২ থেকে ২৫ কেজি করে। গত শুক্রবার সকালে দুলারচর পদ্মা নদীর তীরে এই চাল বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, নভেম্বর থেকে জুন পর্যন্ত নদীতে জাটকা (ছোট ইলিশ) শিকার করা নিষেধ। জাটকা ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সরকার দুস্থ ও মৎস্যজীবীদের খাদ্য-সহায়তা দিচ্ছে। প্রত্যেক জেলে-পরিবারকে চার মাস ৪০ কেজি করে চাল দেওয়া হবে। ভেদরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে ৭ হাজার ৭১ জন জেলেকে খাদ্য-সহায়তা প্রদান করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কাঁচিকাটা ইউনিয়নের ৮০০ জেলে-পরিবারের জন্য প্রতি মাসে ৩২ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।
গত শুক্রবার কাঁচিকাটা ইউনিয়নের জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। ৪০ কেজির পরিবর্তে ২২ থেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে ৫০০ পরিবারের মধ্যে। কিন্তু ৮০০ পরিবারের বিতরণ তালিকা প্রস্তুত করা হয়েছে।
কাঁচিকাটা ইউপির দুলারচর গ্রামের রহম আলী মিয়া ও ফয়সাল হোসেন বলেন, ‘আমাদের বলেছে ৩০ কেজি চাল বরাদ্দ এসেছে। চাল মেপে দেখা যায়, ২২ কেজি হয়েছে। পরে জেনেছি, আমাদের ৪০ কেজি চাল দেওয়ার কথা।’
দুলারচর গ্রামের ছায়েদ প্রামাণিক ও লাল মিয়া ব্যাপারী বলেন, ‘আমাদের খাদ্য-সহায়তা পাওয়ার জেলে কার্ড হয়েছে। কিন্তু কোনো চাল দেওয়া হয়নি। আমাদের জানিয়েছে, আগামী কিস্তিতে চাল দেওয়া হবে। গত বছর চার কিস্তির মধ্যে আমাদের দুই কিস্তি চাল দেওয়া হয়েছিল। বাকি দুই কিস্তির চাল আমাদের দেওয়া হয়নি।’
চাল বিতরণের সময় উপস্থিত থাকার জন্য স্থানীয় প্রশাসন একজন সরকারি কর্মকর্তাকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে। গত শুক্রবার কাঁচিকাটা ইউপিতে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পাট উপসহকারী কর্মকর্তা সুজন দাস। তিনি প্রথম আলোকে বলেন, চাল বিতরণে এখানে কিছু অনিয়ম হয়েছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।
কাঁচিকাটা ইউপির চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান বলেন, খাদ্যগুদাম থেকে এলাকায় চাল আনতে প্রতি টনে এক হাজার টাকা খরচ হয়। বস্তার মধ্যে চালও কম থাকে। এসব কারণে দুই-এক কেজি করে চাল কম দেওয়া হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলার ইউএনও সোহেল আহম্মেদ বলেন, ‘কাঁচিকাটার জেলেদের খাদ্য-সহায়তার চাল বিতরণে অনিয়মের খবর শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’