জেলেদের চাল বিক্রি করে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে (ইউপি) অনেক জেলে সরকারি সহায়তার চাল পাচ্ছেন না। আবার অনেকে কম চাল পাচ্ছেন। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের লোকজন ৯০ বস্তা চাল আড়তে বিক্রি করে দিয়েছেন।

ভোলার মেঘনা ও ইলিশা নদীতে দুই মাস (মার্চ-এপ্রিল) মাছ ধরা নিষেধ। এ সময় সরকারের পক্ষ থেকে বেকার জেলেদের চার মাস (মার্চ-জুন) ৪০ কেজি করে ১৬০ কেজি চাল দেওয়া হবে।

সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা আবু জাফর মো. ওবায়দুল্যাহ বলেন, গতকাল বৃহস্পতিবার সচিব মো. নোমান ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল আলম ১৬৭ বস্তা চাল তোলেন। একটি ট্রলিতে ৯০ বস্তা আর ৭৭ বস্তা নছিমনে। এর আগে ২২ মার্চ তাঁরাই ১ হাজার ১০০ বস্তা (৫৫ মেট্রিক টন) চাল উত্তোলন করেছেন।

গতকাল বেলা দেড়টার দিকে সরেজমিনে ইউনিয়ন পরিষদ চত্বরে দেখা যায়, ছয়জন জেলে চাল না পেয়ে ফিরে যাচ্ছেন। তাঁদের হাতে জেলে কার্ড। জেলেরা বলেন, গতকাল দুপর ১২টার দিকে এক ট্রলিতে করে আসা ৭০-৭৫ বস্তা চাল পরিষদের গুদামে তোলা হয়। পরে ইউনিয়ন পরিষদের সচিব, ট্যাগ অফিসার (তদারকি কর্মকর্তা), গ্রাম পুলিশ (চৌকিদার) ও ইউপি সদস্য সে চাল দ্রুত বিতরণ করে চলে যান। তাঁদের মতো অনেকে চাল পাননি। গত সপ্তাহেও তাঁদের চাল দেওয়া হয়নি।

সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও পূর্ব ইলিশা ইউনিয়নে নিযুক্ত তদারকি কর্মকর্তা জহির রায়হান বলেন, তাঁর উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ১২০ জন জেলেকে চাল দেওয়া হয়েছে।

তবে প্যানেল চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা যায়নি। তঁদের বাড়িতেও পাওয়া যায়নি।

পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ চৌধুরী বলেন, পূর্ব ইলিশার ১ হাজার ৬০০ জেলেকে চাল দেওয়া হবে। পরিষদ চাল তুলে ২৩ মার্চ ১ হাজার ৪৮০ জনকে চাল দিয়েছে। ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ১২০ জন জেলের চাল দেওয়া বাকি ছিল। ওই চাল বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। এ এলাকার ইউপি সদস্য শাহজল ব্যাপারী। তিনি এলাকায় নেই। চাল বিতরণের বিষয়টি প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফার তত্ত্বাবধান করা কথা।

স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও গুদাম কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বস্তায় ৫০ কেজি চাল থাকার কথা। ১২০ জনকে ৪০ কেজি করে চাল দিলে ৯৬ বস্তা দরকার। বাকি থাকে ৭১ বস্তা। অন্যদিকে আগের ৫৫ মেট্রিক টন (১ মেট্রিক টন = ১০০০ কেজি) চাল বিতরণ করা হয়েছে ১ হাজার ৪৮০ জনের মধ্যে। সে অনুযায়ী জেলেরা ৩৭ কেজি করে চাল পেয়েছেন।

এদিকে তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, ইউনিয়ন পরিষদের লোকজন গতকাল সকালে ৯০ বস্তা চাল খালপাড়ে চালের আড়তে নিয়ে গেছেন বিক্রি করতে। এ সময় তাঁরা বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলার ইউএনও মৃধা মো. মোজাহিদুল ইসলামকে জানান। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ইউএনও মোজাহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারেননি।