জেলেদের রাজস্বের অর্থ আড়তদারদের পকেটে!
বরগুনার পাথরঘাটা উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেদের কাছ থেকে আদায় করা রাজস্ব পরিশোধে আড়তদারেরা গড়িমসি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মৎস্য অবতরণ কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যে দিন রাজস্ব আদায় করা হয়, সে দিনই তা মৎস্য অবতরণ কেন্দ্রের তহবিলে জমা দেওয়ার শর্ত থাকলেও তা মানছেন না বেশির ভাগ আড়তদার। মৌখিকভাবে বেশ কয়েকবার রাজস্বের বকেয়া অর্থ পরিশোধের জন্য তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। গত বৃহস্পতিবারের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করলে ১ জুলাই থেকে ব্যবসার চুক্তিপত্র বাতিলসহ সরকারি অর্থ আদায়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ২২ জন আড়তদারকে লিখিতভাবে জানানো হয়।
মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৭৪ জন আড়তদার রয়েছেন। তাঁরা এ কেন্দ্রে বঙ্গোপসাগর থেকে শিকার করা মাছ জেলেদের হয়ে পাইকারি বিক্রি করেন। তাঁরা জেলেদের কাছ থেকে শতকরা ১ টাকা ২৫ পয়সা রাজস্ব আদায় করেন।
অনুসন্ধানে দেখা গেছে, শুধু চলতি অর্থবছরেই ৪৬ জন আড়তদারের কাছে আদায় করা রাজস্ব বকেয়া রয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৫৮৫ টাকা। আর ২০১৪-১৫ অর্থবছরে সাতজন আড়তদারের কাছে বকেয়া রয়েছে ২ লাখ ১৬ হাজার ১৩০ টাকা।
জানতে চাইলে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লে. এম সোলায়মান শেখ বলেন, গত ৩১ মে পর্যন্ত মেসার্স পাথরঘাটা ফিশের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা চৌধুরীর কাছে ১ লাখ ৫৫ হাজার ৪০ টাকা রাজস্ব বকেয়া রয়েছে। ২০১৪-১৫ অর্থবছরেও তাঁর কাছে ১ লাখ ১২ হাজার ৪৫৫ টাকা বকেয়া রয়েছে। এ টাকা আদায়ে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বকেয়া টাকার ১ শতাংশ জমা দিয়ে আড়তদারেরা ১০ দিন থেকে ১ মাসের সময় চেয়েছেন।
মেসার্স পাথরঘাটা ফিশের স্বত্বাধিকারী ও জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আমার কাছে কিছু অর্থ বকেয়া রয়েছে। আমি এরই মধ্যে একটি কিস্তি দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে দিয়ে দেব।’