জেলের বেশে ইয়াবা পাচার করতে গিয়ে আটক
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ১ নম্বর স্লুইসগেট এলাকায় জেলের বেশে থাকা এক ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। তাঁর নাম রাহমত উল্লাহ। তাঁর কাছে দেড় লাখ ইয়াবা বড়ি পাওয়া গেছে।
গতকাল সোমবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল অভিযান চালিয়ে রাহমত উল্লাহকে আটক করে। তাঁর বাড়ি মিয়ানমারে মংডু শহরের ডেইলপাড়া বলে জানা গেছে। বয়স ২২ বছরের মতো।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল গভীররাতে ৪২ বিজিবির একটি দল পৌরসভার খানকার ডেইল সংলগ্ন এক নম্বর স্লুইসগেটের একটি চিংড়ি ঘেরের পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি নৌকা এসে বেড়িবাঁধে ভিড়ে। সেখান থেকে এক যুবক একটি ব্যাগ নিয়ে উঠে এলে তাঁকে থামার সংকেত দেওয়া হয়। তিনি পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করে ব্যাগসহ আটক করা হয়। ওই ব্যাগে দেড় লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। নৌকাটি জব্দ করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. জাফরুল হক প্রথম আলোকে বলেন, মাছ ধরার জেলের বেশে ইয়াবার বড় চালানটি টেকনাফে পাচার করা হচ্ছিল। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় চার কোটি ৫০ লাখ টাকা। আটক ব্যক্তিকে থানা-পুলিশে সোপর্দ করা হবে।