জোর করে অধ্যক্ষকে পদত্যাগ করালেন সাবেক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজের অধ্যক্ষ একরাম উদ্দিনের কাছ থেকে গত সোমবার জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌসের বাসায় ডেকে তাঁর স্বামী আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী এ স্বাক্ষর নেন বলে অধ্যক্ষ অভিযোগ করেন।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ একরাম এ অভিযোগ করেন। তবে মোহাম্মদ আলী এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে একরাম উদ্দিন বলেন, গত ১ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌসকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়। ২১ এপ্রিল আয়েশা ফেরদৌস কলেজ পরিদর্শনে আসেন। কিন্তু তখন তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় সভাপতি তাঁকে পাননি। এ অবস্থায় ২৩ এপ্রিল কমিটির বৈঠক ডেকে ইমামুল হোসেন নামের এক শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানানো হয়।
একরাম উদ্দিন আরও অভিযোগ করেন, গত ৫ জুন তিনি কলেজে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। অথচ ইমামুল ফ্লুইড দিয়ে সেই স্বাক্ষর মুছে সেখানে অনুপস্থিত লিখে দেন এবং ওপরের নির্দেশ ছাড়া কলেজে যেতে নিষেধ করেন। তাঁর কথায় কান না দিয়ে এর পরও প্রতিদিন কলেজে গেলেও তাঁকে হাজিরা খাতায় স্বাক্ষর করাসহ নিজের কক্ষে বসতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত গত সোমবার বিকেলে চার-পাঁচটি মোটরসাইকেলযোগে একদল যুবক তাঁর পথ আগলে ‘এমপি সাব দেখা করতে বলেছেন’ বলে মোহাম্মদ আলীর বাসায় ডেকে নেন। সেখানে রাত নয়টা পর্যন্ত আটকে মারধর করে দুটি পদত্যাগপত্র ও স্ট্যাম্পসহ বিভিন্ন ধরনের ১৩টি কাগজে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। একরাম উদ্দিন এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে মোহাম্মদ আলী বলেন, ‘আমি এখন ওই কলেজের গভর্নিং বডির সদস্য। কয়েক মাস ধরে অধ্যক্ষ কোনো কারণ ছাড়াই অনুপস্থিত ছিলেন। তাঁর নিয়োগসংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁকে বাসায় আসতে বলা হয়েছিল। তিনি না এসে এখন মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচার চালাচ্ছেন।’