জোর করে আপত্তিকর ছবি তুলে ছড়িয়ে দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুর্বৃত্তরা জোর করে দশম শ্রেণির এক ছাত্রী ও আর ​এক তরুণের (২২) আপত্তিকর ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার মামলা হলেও পুলিশ গতকাল সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এজাহারে উল্লেখ করা হয়, মাগুরা জেলা সদরের এক তরুণের সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। এর সূত্র ধরে দেখা করতে শুক্রবার রাত আটটার দিকে ওই তরুণ গোয়ালন্দে আসেন। রাত হওয়ায় ওই ছাত্রী দেখা করতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে উভয়ের মধ্যে মুঠোফোনে কথা-কাটাকাটি হয়। বিষয়টি টের পেয়ে উপজেলা শহরের সরদারপাড়া এলাকার সুরুজ শেখ (২৬) ও সোনা ফকির (২৫) ওই তরুণকে আটক করেন। রাত সাড়ে ১১টার দিকে ওই দুজন তরুণকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গিয়ে ফোন করে স্কুলছাত্রীকে ঘরের দরজা খুলতে বলেন। এতে আপত্তি জানালে ভয়ভীতি দেখানো হয়। দরজা খুলে দিলে ঘরে ঢুকেই সুরুজ ও সোনা ওই ছাত্রী ও তরুণকে বিবস্ত্র করে মুঠোফোনে স্থির ছবি ও ভিডিওচিত্র ধারণ করেন। তাঁরা ছাত্রীর হাতে থাকা দুটি সোনার আংটি ও একটি টর্চলাইট ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার করলে সুরুজ ও সোনা ওই তরুণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। চাঁদা না দিলে ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই দিন বাড়িতে শুধু স্কুলছাত্রী ও তার নানি ছিলেন। পরদিন শনিবার সকালে ছাত্রীর মা এসে গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

গতকাল সোমবার ওই ছাত্রীর মা বলেন, ঘটনার পর থেকে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। রোববার থেকে তার নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু সে পরীক্ষায় ভালোভাবে মনোনিবেশ করতে পারছে না। এরপর থেকে মুঠোফোন নম্বর বন্ধ থাকায় ওই তরুণের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। ওই তরুণ বাড়িতে ফিরেছেন কি না—তাও জানা যাচ্ছে না। এ ঘটনার তিন দিন পরও পুলিশ কাউকে আটক করতে না পারায় তাঁরা আতঙ্কে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আসামিরা পলাতক। তবে তাঁদের ধরার চেষ্টা চলছে।

পলাতক থাকায় এ বিষয়ে সুরুজ শেখ ও সোনা ফকিরের বক্তব্য জানা যায়নি।