চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হুমকি-ধমকি দিয়ে জোর করে চট্টগ্রাম বন্দরে চলাচলরত বাণিজ্যিক জাহাজের পোড়া তেল সংগ্রহসহ জাহাজের পণ্য বেচাকেনার কাজ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত চার মাসে অন্তত ১৫টি প্রতিষ্ঠানে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ কাজে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত ১০টি গ্রুপ জড়িত বলে জানা গেছে।
নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার হারুনুর রশীদ হাজারী প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগ দেওয়ার জন্য শিপিং এজেন্টদের বলেছি। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বন্দর সূত্র জানায়, বাণিজ্যিক জাহাজ বন্দরে আসার পর পোড়া তেল ও পরিত্যক্ত সামগ্রী অপসারণসহ নানা কাজের প্রয়োজন হয়। এ কাজের জন্য জাহাজের ক্যাপ্টেন জাহাজ কোম্পানির স্থানীয় প্রতিনিধিকে অবহিত করেন। এরপর প্রতিনিধি প্রতিষ্ঠানের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়া হয়। বন্দরের লাইসেন্সপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানের সংখ্যা এখন ৯৯৭টি। সামান্য ফি ও জামানতের বিনিময়ে কোনো পুঁজি ছাড়াই এ কাজ করা যায়। এতে প্রতিবার এক থেকে চার লাখ টাকা মুনাফার সুযোগ থাকায় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা এই কাজ নিজেদের প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানের পক্ষে বাগিয়ে নেওয়ার জোর চেষ্টা করেন।
জানা গেছে, কমার্স কলেজের বর্তমান কমিটির নেতা-কর্মীদের তিনটি গ্রুপ, একই কলেজের সাবেক নেতাদের দুটি গ্রুপ, এমইএএস কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক নেতাদের দুটি পক্ষ, ৩৬ নম্বর ওয়ার্ড যুবলীগের একজন নেতার নেতৃত্বে আরেকটি পক্ষ ভয়ভীতি দেখিয়ে কাজ আদায়ের সঙ্গে জড়িত। এ ছাড়া নগর ছাত্রলীগের দুজন নেতার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে একদল কর্মী গ্লোবলিংক অ্যাসোসিয়েটস লিমিটেডের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের হুমকি দেন। এর আগে গত সপ্তাহে কমার্স কলেজ ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে রনি ও নাহিদ নামের দুজন বিভিন্ন জাহাজ কোম্পানির কার্যালয়ে অস্ত্রশস্ত্রসহ গিয়ে হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এভাবে কাজ আদায় করতে গিয়ে এর আগে জারদিন শিপিং সার্ভিসেস কোম্পানির কার্যালয়ে সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ। এই পক্ষ দুটি হলো কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন ও যুবলীগের নেতা পরিচয়ধারী আবদুল কাদেরের (কোনো পদে নেই) অনুসারী আবদুল হক। গত ২১ সেপ্টেম্বর বন্দরজেটিতে ভেড়ে ‘এমভি গ্রেট সাকসেস’ নামের একটি জাহাজ। এই জাহাজের কাজ আদায় করতে ছাত্রলীগের তিনটি পক্ষ জাহাজটির স্থানীয় প্রতিনিধি অ্যালবাট্রস শিপিং এজেন্সিস লিমিটেডের কার্যালয়ে গিয়ে হাঙ্গামা করে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম লুৎফর রহমান এ অভিযোগ করেন।
তবে কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি লুৎফুল এহছান দাবি করেন, ‘কমার্স কলেজ ছাত্রলীগের কেউ ভয়ভীতি দেখিয়ে কাজ আদায়ের সঙ্গে জড়িত নয়।’