জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের বিরুদ্ধে জোরপূর্বক এক ব্যক্তির জমি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নরসিংদী পৌর এলাকার পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালে সাটিরপাড়া এলাকার স্বপন মল্লিক ও জয় মল্লিকের কাছ থেকে ১৫ লাখ টাকায় ১ দশমিক ৬৩ শতাংশ জমি কেনেন নরসিংদী পৌর এলাকার পূর্ব ব্রাহ্মন্দী এলাকার বাপ্পী কুমার সাহা। স্বপন ও জয় মল্লিকের মালিকানাধীন থাকাকালে ওই জমিতে তোলা ঘরে ব্যবসা করতেন যুবদল নেতা নজরুল। বাপ্পী ওই জমি কিনে নেওয়ার পর আরও কিছুদিন ব্যবসা চালিয়ে নিতে চান নজরুল। অনুমতি দেওয়া হলে আগের মতো ব্যবসা চালিয়ে যেতে থাকেন তিনি। এরপর নজরুল একটি ভুয়া বায়না দলিল বানিয়ে ওই জমির মালিকানা দাবি করতে শুরু করেন। এ ঘটনায় দুই পক্ষই জমির মালিকানা দাবি করে একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করেন। আদালত বাপ্পীর পক্ষে রায় দিলেও নজরুল নিজের দখল বজায় রাখেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক ডাকা হলেও সেগুলোতে নজরুল উপস্থিত হন না।
এদিকে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন, ‘এ জমি নিয়ে অনেক জটিলতা আছে। এসব নিয়ে আদালতে মামলাও চলছে। যে রায় আসবে আমি মেনে নেব।’ তবে এর আগের মামলাগুলোর রায় মেনে না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।