জোড়া খুনের ঘটনা আরও তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে জোড়া খুনের ঘটনায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের এই নির্দেশ দেন।

জোড়া খুনের এই ঘটনায় গত সোমবার নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের ৬২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এঁদের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত হেলাল আকবর চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আলমগীর টিপুও রয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, ‘মামলার ধার্য দিনে (আজ) আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।’

চট্টগ্রাম নগরে সিআরবির সামনে ২০১৩ সালের ২৪ জুন কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে এক শিশুসহ জোড়া খুনের ঘটনা ঘটে।