জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলারের কাছ থেকে এক বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সকালে স্থানীয় লোকজন লাশটি দেখে বিজিবিকে জানালে পরে তা শনাক্ত করে উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. জমির উদ্দিন (২২)। সীমান্তের হর্ণি ময়নাবস্তি এলাকার ফরিদ মিয়ার ছেলে জমির পেশায় কৃষক ছিলেন।
কয়েকজন গ্রামবাসী জানান, ভোর সাড়ে ছয়টার দিকে জমির এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে গরু চরাতে গেলে সীমান্তের ওপার থেকে ভারতীয় খাসিয়াদের একদল বন্দুকধারী তাঁদের তাড়া করে। এ সময় গুলির শব্দও শোনা যায়। জমিরের সঙ্গে থাকা ওই ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে জমিরকে মৃত অবস্থায় দেখে গ্রামবাসী। পরে বিজিবির লালাখাল ক্যাম্পে খবরটি জানানো হয়। বিজিবির মাধ্যমে জৈন্তাপুর থানা-পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে লাশটি উদ্ধার করে।
যোগাযোগ করা হলে বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে মারা গেছে বলা হলেও লাশটি সীমান্তের ১২৯৯ পিলার থেকে প্রায় ৬০ গজ ভেতরে বাংলাদেশ অভ্যন্তরে পাওয়া গেছে। তাই ঘটনাটি পুলিশকে তদন্ত করে বের করতে বলা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে ওসি বলেন, নিহত জমির উদ্দিনের পেটের একাংশে ক্ষত ও নাড়িভুঁড়ি বের হয়ে পড়া অবস্থায় পাওয়া গেছে। এটি গুলি না অন্য কিছু, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঘটনার কারণ সম্পর্কে পুলিশ সরেজমিনে খোঁজ নিচ্ছে।