জৈন্তাপুরে ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণকারী শনাক্ত, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরের পর্যটনকেন্দ্র লালাখালে সংখ্যালঘু পরিবারের এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ধারণকারী দুই তরুণকে শনাক্ত করা হয়েছে। ঘটনার প্রায় ছয় মাস পর গতকাল শনিবার জৈন্তাপুর থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।
মামলায় জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের ইমরান আহমদ ও জসিম উদ্দিন নামে দুই তরুণকে ওই ভিডিও ধারণকারী হিসেবে আসামি করা হয়েছে। সম্প্রতি ইমরান ও জসিম তাঁদের ব্যবহৃত মুঠোফোনে ভিডিওচিত্র নিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন। না মানলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ভিডিও ধারণকারীদের শনাক্ত করা ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ভিডিও ধারণ করার পর সম্প্রতি ওই ছাত্রীকে তারা হুমকি দিয়ে আসছিল। হুমকি পেয়ে ছাত্রীর পরিবারের সদস্যরা দুজনের নাম-পরিচয় উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়ায় মামলা তালিকাভুক্ত করে। মামলার খবর পেয়েই আসামিরা পলাতক রয়েছে। তবে পুলিশ দুজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্র জানায়, কলেজছাত্রী সিলেটের একটি কলেজে স্নাতক শ্রেণিতে অধ্যয়নের পাশাপাশি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। গত ১৪ এপ্রিল তাঁর এক চাচাতো ভাইকে নিয়ে জৈন্তাপুরের পর্যটনকেন্দ্রে লালাখালে বেড়াতে যান। এ সময় দুই তরুণ তাঁদের সুন্দর জায়গা দেখানোর নাম করে লালাখালের নির্জন একটি জায়গায় নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করেন। ছাত্রীকে বিবস্ত্র করে মুঠোফোনের মাধ্যমে ভিডিওচিত্র ধারণ করে দুই তরুণ পালিয়ে যায়।